ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডঅনিয়মের অভিযোগে স্থগিত আটাব নির্বাচন

অনিয়মের অভিযোগে স্থগিত আটাব নির্বাচন

নিউজ ডেস্ক : ভোটার তালিকায় অনিয়ম ও জালিয়াতির অভিযোগের পরিপ্রেক্ষিতে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন স্থগিত করেছে এফবিসিসিআইয়ের আরবিট্রেশন বোর্ড।

সাধারণ সদস্যদের দায়ের করা অভিযোগের শুনানি শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়ায় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচন কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ভোটার তালিকায় মৃত ব্যক্তি, ভুয়া তথ্যধারী সদস্য এবং লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া প্রশাসকের মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচন বোর্ড গঠন, আপিল প্রক্রিয়ায় অনিয়ম এবং সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার যোগসাজশের অভিযোগও উত্থাপিত হয়েছে। শুনানিতে এসব অভিযোগের প্রাথমিক ভিত্তি রয়েছে বলে আরবিট্রেশন বোর্ড পর্যবেক্ষণ করেছে।

বোর্ডের মতে, একটি গুরুত্বপূর্ণ জাতীয় ব্যবসায়ী সংগঠনের নির্বাচনে এ ধরনের অনিয়ম ট্রাভেল ও পর্যটন খাতের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। তাই অভিযোগের পূর্ণাঙ্গ নিষ্পত্তি এবং নির্ভুল ভোটার তালিকা প্রস্তুতের আগে নির্বাচন আয়োজন গ্রহণযোগ্য হবে না।-

এদিকে আটাবের ওয়েবসাইটে নির্বাচনসংক্রান্ত তফসিল, প্রার্থী তালিকা ও বিভিন্ন নোটিশ আগে থেকেই প্রকাশিত ছিল। সংশ্লিষ্টরা আশা করছেন, অভিযোগের নিষ্পত্তির পর নতুন সময়সূচি ঘোষণা করে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular