ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকঢাকায় পৌঁছেছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর

ঢাকায় পৌঁছেছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর

নিউজ ডেস্ক: ঢাকায় এসে পৌঁছেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর। বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে। তিন দিনের সফরে দুপুরে ঢাকায় আসেন তিনি।

এক ফেসবুক বার্তায় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন লেখেন, ‘আমার বন্ধু, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তাঁর এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।’

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা গর ঢাকায় তার অন্যান্য কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আলোচনা করবেন।

শুক্রবার কক্সবাজার যেতে পারেন সার্জিও গর। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান অবস্থা সরেজমিনে দেখবেন তিনি।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, এই সফরের প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের নতুন পররাষ্ট্র নীতির অগ্রাধিকার সম্পর্কে মার্কিন প্রশাসনের কাছে একটি পরিষ্কার ধারণা পাওয়া।

সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময়ই ভালো ছিল, এবং বর্তমান সরকারের অধীনে সেই সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই সফরের মাধ্যমে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কে একটি নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা উভয় দেশের।

এ বছরের জানুয়ারিতে সার্জিও গর দিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে ভারত ছাড়াও বাংলাদেশ, নেপালসহ এ অঞ্চলের বেশ কয়েকটি দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কাজ করছেন তিনি।

এর আগে নেপাল ও শ্রীলঙ্কা সফর করেন তার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular