নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতি ও ভোলার বোরহানউদ্দিনে পৃথক অভিযানে ২ হাজার ২১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা পলিথিনের আনুমানিক মূল্য ৮ লাখ ৮৬ হাজার টাকা। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল পাঁচটার দিকে লক্ষ্মীপুরের রামগতি থানার সেকান্তর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট রামগতি।
এ সময় সন্দেহজনক একটি বাসে তল্লাশি চালিয়ে ৭১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসব পলিথিনের আনুমানিক মূল্য ২ লাখ ৮৬ হাজার টাকা।
অভিযানের সময় পলিথিনের প্রকৃত মালিককে পাওয়া যায়নি। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কোস্ট গার্ড।
অন্যদিকে, একই দিন রাত ১০টার দিকে ভোলার বোরহানউদ্দিন থানার হাকিমুদ্দিন লঞ্চঘাট ও বোরহানগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড বেইস ভোলা। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি গোডাউনে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দ করা পলিথিনের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে গোডাউন মালিক পালিয়ে যান। ফলে এ ঘটনায়ও কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা পলিথিনগুলো বিনষ্ট করার জন্য ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, পরিবহন ও মজুত বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।




