মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ট্রাফিক শৃঙ্খলা জোরদার করতে হাইওয়ে পুলিশ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে নতুন উদ্যোগ গ্রহণ করছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালুর মাধ্যমে আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
১৮ আগস্ট থেকে শুরু হওয়া এই কার্যক্রমে নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং এবং উল্টোপথে যানবাহন চালানোর মতো ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে। আধুনিক এআই ক্যামেরার মাধ্যমে আইন ভঙ্গকারী যানবাহন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে মামলা দেওয়া হবে এবং মালিকদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে।
এই প্রযুক্তির মাধ্যমে মহাসড়কের ২৫০ কিলোমিটার সড়ক নজরদারি করা হবে, যেখানে ১ হাজার ৪২৭টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই কার্যক্রমের উদ্বোধন করবেন।
এ উদ্যোগের মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত করা, তথ্য সংরক্ষণ এবং জরিমানা আদায়ের কার্যক্রম আরও কার্যকর হবে। এটি মহাসড়কে জনসচেতনতা বৃদ্ধি, যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সড়ক দুর্ঘটনা কমাতে সহায়ক হবে। হাইওয়ে পুলিশ যাত্রী, পরিবহনমালিক ও শ্রমিকনেতাদের সহযোগিতা কামনা করেছে।




