রংপুর প্রতিবেদক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তানজিউল ইসলাম জীবনের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানি ও নম্বর টেম্পারিংয়ের অভিযোগের তদন্তে উঠে আসা অডিওগুলোর ফরেনসিক পরীক্ষা না করেই তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে ওই শিক্ষকের অধ্যাপক পদে পদোন্নতির প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ২৪ এপ্রিল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর ই-মেইলের মাধ্যমে অভিযোগ করেন। অভিযোগে শিক্ষক তানজিউল ইসলাম জীবনের বিরুদ্ধে মানসিক নির্যাতন, ভয়ভীতি দেখানো, যৌন হয়রানি এবং নম্বর টেম্পারিং করে ফলাফল খারাপ করে দেওয়ার অভিযোগ আনা হয়।
এর আগে গত বছরের ১৩ এপ্রিল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. তানজিউল ইসলাম জীবন এবং ওই বিভাগের এক ছাত্রীর কণ্ঠসদৃশ কথোপকথনের তিনটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। অডিওগুলোর সত্যতা নিয়ে তখন ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।




