ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরংপুরে হিমাগার মালিকদের বক্তব্যের প্রতিবাদে আলু চাষি-ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

রংপুরে হিমাগার মালিকদের বক্তব্যের প্রতিবাদে আলু চাষি-ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

আলামীন, রংপুর : হিমাগার মালিকদের ‘অসত্য ও বিভ্রান্তিকর’ বক্তব্যের প্রতিবাদ এবং আলু সংরক্ষণের যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রংপুরের আলু চাষি ও ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, হিমাগারে আলু সংরক্ষণের খরচ নিয়ে মালিকদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্যে কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে রংপুর নগরের মাহিগঞ্জ এলাকায় রংপুর জেলা আলু চাষী ও ব্যবসায়ী সমিতির প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, দেশের কৃষি অর্থনীতিতে আলু চাষি ও ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আলু উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের প্রতিটি ধাপে কৃষক, ব্যবসায়ী ও হিমাগার মালিকদের মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন। কোনো পক্ষের একতরফা বা বিভ্রান্তিকর বক্তব্যের কারণে কৃষক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলে তা কোনোভাবেই কাম্য নয়।

আলু চাষি ও ব্যবসায়ীরা বলেন, হিমাগারে আলু সংরক্ষণের যৌক্তিক ভাড়া নির্ধারণে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে একটি সুপারিশ কমিটি গঠন করা হয়। ওই কমিটি রংপুরের কয়েকটি হিমাগার সরেজমিনে পরিদর্শন করে। পরিদর্শনের সময় হিমাগার মালিকদের পক্ষ থেকে আলু সংরক্ষণে কেজিপ্রতি সর্বোচ্চ ৩ টাকা ৯৭ পয়সা থেকে সর্বনিম্ন ২ টাকা ৯৮ পয়সা পর্যন্ত খরচের কথা জানানো হয়েছিল বলে দাবি করেন তাঁরা।

তবে চাষি ও ব্যবসায়ীদের অভিযোগ, হিমাগারের জমির মূল্য, স্থাপনা নির্মাণ ব্যয়, ব্যাংকঋণ ও সুদের হিসাবসহ আরও বিভিন্ন বিষয় খরচের হিসাবে অন্তর্ভুক্ত করার দাবি জানান হিমাগার মালিকেরা। এ কারণে তাঁরা সুপারিশ কমিটির সভার রেজুলেশনে স্বাক্ষর করেননি। পরে তাঁদের স্বাক্ষর ছাড়াই ওই সুপারিশ কৃষি বিপণন অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন আলু চাষি ও ব্যবসায়ীরা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, চলতি মৌসুমে আলু সংরক্ষণের সময়ের একটি বড় অংশ ইতিমধ্যে পার হয়ে গেছে। তাই কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় নিয়ে দ্রুত যৌক্তিক হিমাগার ভাড়া নির্ধারণ করে তা বাস্তবায়ন করা প্রয়োজন।

তাঁরা হিমাগারে আলু সংরক্ষণের যৌক্তিক ভাড়া নির্ধারণ, হিমাগার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং আলু ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে রংপুর জেলা আলু চাষী ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন এলাকার আলু চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১২ আগস্ট হিমাগারে আলু সংরক্ষণের যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে রংপুরে কৃষি বিপণন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে স্মারকলিপি দেন আলু চাষি ও ব্যবসায়ীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular