ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশতিতাসে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

তিতাসে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা : ‘মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর জীবন গড়ুন’—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার তিতাসে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (১৯ আগস্ট) বিকেল চারটায় তিতাস থানার উদ্যোগে উপজেলার ঐতিহাসিক মাছিমপুর আর.আর. ইনস্টিটিউশন মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক মো. ছাবিকুল ইসলাম, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. আলমগীর ভাণ্ডারি ও সাংগঠনিক সম্পাদক আনিস সরকার এবং বলরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ সাত্তার।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্ত করে। বিশেষ করে তরুণদের মধ্যে মাদকের বিস্তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে উঠছে। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তাঁরা।

এর আগে বিকেলে মাছিমপুর বাজারের খেলার মাঠ থেকে একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি স্থানীয় আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে মাছিমপুর আর.আর. ইনস্টিটিউশন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। বক্তারা মাদকবিরোধী এ ধরনের সামাজিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular