ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাভিসা জটিলতায় থাইল্যান্ড সফর বাতিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের

ভিসা জটিলতায় থাইল্যান্ড সফর বাতিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের

নিউজ ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের আগে থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা বাতিল করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। ভিসা জটিলতায় নির্ধারিত সময়ে সফর করা সম্ভব না হওয়ায় ঢাকাতেই প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি।

আগামী ৩১ আগস্ট উজবেকিস্তানে শুরু হবে বাংলাদেশের এএফসি অনূর্ধ্ব-২০ অভিযান। এর আগে থাইল্যান্ডে সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। ১৮ আগস্ট আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি ভিসা জটিলতায় হয়নি। একই কারণে ইন্দোনেশিয়ার বিপক্ষে ২৫ আগস্টের ম্যাচ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়।

বাফুফে কয়েক দিন ধরে খেলোয়াড়দের থাই ভিসার জন্য চেষ্টা করছিল। সভাপতি তাবিথ আউয়ালের উদ্যোগে শেষ পর্যন্ত গতকাল ভিসা পাওয়া গেলেও ততক্ষণে ইন্দোনেশিয়া বিকল্প প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ ঠিক করে ফেলেছে। ফলে ভিসা পাওয়ার পরও থাইল্যান্ড সফর বাতিল করতে হয়েছে বাংলাদেশকে।

এখন ঢাকায় ফর্টিজ ও বাংলাদেশ পুলিশের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে অ-২০ দল। দুই ক্লাবই বর্তমানে অনুশীলনের মধ্যে থাকায় তাদের বিপক্ষেই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

এর আগে বাহরাইনে প্রস্তুতি ক্যাম্প করার পরিকল্পনাও বাতিল করে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ওই সফরে যেতে আগ্রহী হয়নি দলীয় ম্যানেজমেন্ট।

সাফ অ-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর এশিয়া কাপের মূলপর্বে ওঠার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। কয়েক সপ্তাহ যশোরের শামসুল হুদা একাডেমিতে অনুশীলনের পর চার দিন আগে ঢাকায় ফিরেছে দল। বর্তমানে কমলাপুর স্টেডিয়ামে অনুশীলন করছে তারা।

ব্রিটিশ কোচ জেরার্ড জোন্স ২৩ সদস্যের দল চূড়ান্ত করেছেন। দলে রয়েছেন পাঁচজন প্রবাসী ফুটবলার।

এএফসি অ-২০ বাছাইপর্বে বাংলাদেশ ‘বি’ গ্রুপে খেলবে। গ্রুপের অন্য তিন দল স্বাগতিক উজবেকিস্তান, সিরিয়া ও ভারত। ৩১ আগস্ট উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের অভিযান শুরু হবে। এরপর ৩ সেপ্টেম্বর সিরিয়া এবং ৬ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে দলটি।-

গ্রুপ চ্যাম্পিয়ন না হলেও সেরা রানার্সআপ হিসেবে মূলপর্বে ওঠার সুযোগ রয়েছে বাংলাদেশের। ফলে বিদেশে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ হারানোর পর ঢাকার দুই ম্যাচেই নিজেদের প্রস্তুতি যাচাই করতে হবে দলটিকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular