আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন অভিজ্ঞ ও বুদ্ধিমান রাজনীতিবিদ । তবে হত্যাচেষ্টার পর ট্রাম্প এখনো নিরাপদ নন বলেই মনে করেন পুতিন।
কাজাখস্তানে একটি শীর্ষ সম্মেলনে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সাংবাদিকদের এসব কথা বলেন পুতিন।
পুতিন বলেন, ‘ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সম্পূর্ণ অসভ্য পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। আমার মতে, তিনি এখনো নিরাপদ নন। দুর্ভাগ্যবশত, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিভিন্ন ঘটনা ঘটেছে। আমি মনে করি তিনি (ট্রাম্প) বুদ্ধিমান এবং আমি আশা করি তিনি সতর্ক থাকবেন এবং বিষয়গুলো বুঝতে পারবেন।’
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ে নির্বাচনি প্রচারণায় যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বন্দুকধারীর গুলিতে ট্রাম্প আহত হন। পরে সেপ্টেম্বরে ফ্লোরিডায় অবস্থিত ট্রাম্পের গলফ কোর্স থেকে হত্যাচেষ্টার অভিযোগে আরেক বন্দুকধারী ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
রুশ প্রেসিডেন্ট জানান, মার্কিন নির্বাচনী প্রচারের সময় রাজনৈতিক বিরোধীদের দ্বারা ট্রাম্পের পরিবার ও সন্তানরা যেভাবে সমালোচিত হয়েছেন তাতে তিনি আরও বেশি হতবাক হয়েছেন। পুতিন বলেন, ‘রাশিয়ায় ডাকাতরাও এমন আচরণ করে না।’



