ফারজানা আক্তার বৃষ্টি, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ‘টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসনে তরুণ সংগঠনের করণীয়’ শীর্ষক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের অর্ধশতাধিক তরুণ প্রতিনিধি অংশ নেন।
রোববার (২৩ আগস্ট) সকালে শহরের একটি বেসরকারি মিলনায়তনে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)–এর ইয়েস গ্রুপ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
সনাক লক্ষ্মীপুরের সভাপতি অধ্যাপক মো. রফিকুল আহসানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর ইয়াসমীন আরা (বেবী), সনাকের সাবেক সভাপতি জেড এম ফারুকী, সহসভাপতি শিপ্রা তালুকদার ও অধ্যাপক হুমায়ূন কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবির এরিয়া ম্যানেজার আবদুর রব।
কর্মশালায় কাজী শফিকুর রহমান বলেন, টিআইবি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখে। দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে সচেতন নাগরিকদের পাশাপাশি তরুণ সংগঠনগুলোকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলি তৈরি এবং সামাজিক সমস্যা মোকাবিলায় তাদের সংগঠিত ভূমিকা নিশ্চিত করা গেলে সুশাসন প্রতিষ্ঠার পথ আরও শক্তিশালী হবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. রফিকুল আহসান বলেন, দুর্নীতির কারণে সমাজ নানা সংকটের মুখোমুখি হচ্ছে। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে টিআইবির পাশাপাশি তরুণ সমাজকেই পরিবর্তনের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
কর্মশালায় টেকসই উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সুশাসন, দুর্নীতি প্রতিরোধ এবং এসব ক্ষেত্রে তরুণ সংগঠনগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।




