ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশ‘কিছু সময় দিন, প্রজন্মকে সবাই মিলে বদলে দেব’: ধর্ম প্রতিমন্ত্রী

‘কিছু সময় দিন, প্রজন্মকে সবাই মিলে বদলে দেব’: ধর্ম প্রতিমন্ত্রী

নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বলেছেন, ‘কিছু সময় দিন, প্রজন্মকে সবাই মিলে বদলে দেব। জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, আমরা তা অক্ষরে অক্ষরে পালন করব, ইনশাআল্লাহ।’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর বারিধারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, রাসুল (সা.)-এর জীবনে উৎকর্ষতাই ছিল প্রধান বিষয়। আমাদেরও সব ক্ষেত্রে উৎকর্ষতার দিকে যেতে হবে। তাহলেই সফল হওয়া সম্ভব।

আল-কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর চরিত্রে রয়েছে উত্তম আদর্শ এবং আল্লাহ তাঁকে বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ পাঠিয়েছেন। মহানবী (সা.)-এর দেখানো পথ ও পদ্ধতি বাস্তবায়নের চেষ্টা করার পাশাপাশি তিনি যে বিষয়গুলো নিষেধ করেছেন, সেগুলো থেকে দূরে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. জিয়াউল হক আদনান।

উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন একজন নিঃস্বার্থ ও মানবতাবাদী মানুষ। তাঁর জীবন আমাদের দেখায়, একজন মানুষ কীভাবে শুধু একটি জাতির কল্যাণে নয়, বরং সমগ্র মানবজাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারেন।’

প্রধান আলোচক ড. জিয়াউল হক আদনান মহানবী (সা.)-এর জীবন থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরেন। তিনি বলেন, মহানবী (সা.)-এর জীবন থেকে ধৈর্য, মানবিকতা ও উত্তম চরিত্রের শিক্ষা পাওয়া যায়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদও বক্তব্য দেন। পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। শেষে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র প্রভাষক এম এম নওয়াজ আমিন দোয়া পরিচালনা করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular