নাজমুূল হোসেন : লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।
সোমবার দুপুরে জেলা শহরের বাগবাড়ি এলাকায় স্থানীয় সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার কার্যালয়ে মনোনয়ন ফরম নিতে চেয়ারম্যান ও সদস্য পদপ্রত্যাশীদের ভিড় দেখা যায়।
এদিন টুমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আক্তার হোসেন মোক্তার।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আক্তার হোসেন। ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার পর বর্তমানে তিনি টুমচর ইউনিয়ন যুবদলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্রের ভাষ্য, আওয়ামী লীগবিরোধী বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আক্তার হোসেন সক্রিয় ছিলেন। এ ছাড়া বিগত জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীর পক্ষে মাঠপর্যায়ে কাজ করেছেন তিনি।
তাঁর অনুসারীরা জানান, টুমচর ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদারের পাশাপাশি বিভিন্ন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন আক্তার হোসেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর আক্তার হোসেন মোক্তার বলেন, ‘আমি বিএনপির মনোনয়ন পেলে টুমচর ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করব। দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের উন্নয়ন এবং মানুষের পাশে থাকার চেষ্টা করব।’
দলীয় সূত্রে জানা গেছে, ৩০ আগস্ট থেকে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।




