আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ডের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নজরদারি রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি যুক্তরাষ্ট্রের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি।
স্থানীয় সময় বুধবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন দাবি করেন ট্রাম্প।
ইরানের নতুন একটি রকেট তৈরির প্রসঙ্গ তুলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারির মাধ্যমে ইরানের সামরিক কর্মকাণ্ড সম্পর্কে তারা নিয়মিত তথ্য পাচ্ছেন। তার দাবি, ইরান সমুদ্রে মাইন স্থাপনের সক্ষমতাসম্পন্ন একটি নতুন রকেট তৈরি করছিল। রকেটটির নির্মাণ প্রায় শেষ পর্যায়ে পৌঁছে যাওয়ার পর যুক্তরাষ্ট্র সেটি ধ্বংস করে দিয়েছে।
ট্রাম্প বলেন, ইরান রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুনর্গঠনের পাশাপাশি হরমুজ প্রণালিতে মাইন স্থাপনের চেষ্টা করছে।
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র প্রণালিটি নিয়ন্ত্রণ করছে এবং প্রতিদিন বিপুল পরিমাণ তেল বহনকারী জাহাজ সেখান দিয়ে চলাচল করছে। ইরান মাঝেমধ্যে ড্রোন পাঠালেও সেগুলো যুক্তরাষ্ট্র ভূপাতিত করছে বলে দাবি করেন তিনি।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া/



