ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতদের আলোচনা

ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতদের আলোচনা

নিউজ ডেস্ক: ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শনিবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিন ঘণ্টা ১০ মিনিট বৈঠক করেছেন। বৈঠক শেষে রাশিয়া বা যুক্তরাষ্ট্র কোনো পক্ষই বড় ধরনের অগ্রগতির কথা জানায়নি।

ক্রেমলিনের প্রেসিডেন্ট বিষয়ক সহযোগী ইউরি উশাকভ বৈঠকটিকে ‘গঠনমূলক, অত্যন্ত খোলামেলা ও আস্থাপূর্ণ’ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, আলোচনায় ইউক্রেন যুদ্ধ অবসানের সম্ভাব্য পথ নিয়ে মার্কিন দূতেরা বেশ কিছু ধারণা তুলে ধরেছেন। তবে সেসব প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করেননি তিনি।

উশাকভ বলেন, বৈঠকটি শুধু ইউক্রেন সংকট সমাধানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সম্ভাব্য বড় পরিসরে রুশ-মার্কিন অর্থনৈতিক প্রকল্প ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

এএফপি জানিয়েছে, হোয়াইট হাউসের এক কর্মকর্তা বৈঠকটিকে ‘অর্থবহ’ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, যুদ্ধ বন্ধে পরবর্তী পদক্ষেপ নিয়ে দুই পক্ষ বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেসব পদক্ষেপের ঘোষণা দেওয়া হবে।

বৈঠকের শুরুতে পুতিন ট্রাম্পের যুদ্ধ বন্ধের প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, কঠিন পরিস্থিতির মধ্যেও ট্রাম্প রাশিয়া-ইউক্রেন সংঘাত সমাধানে কাজ করে যাচ্ছেন এবং সমঝোতা প্রতিষ্ঠায় অবদান রাখার চেষ্টা করছেন।

পুতিন আরও বলেন, যুক্তরাষ্ট্রের দূতদের সঙ্গে আলোচনার পাশাপাশি পরবর্তী সময়ে ইউক্রেনেও তাদের সফরের নিরাপত্তা নিশ্চিত করবে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, মার্কিন দূতদের সফরকে সামনে রেখে পুতিন কিয়েভে তিন দিনের জন্য হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

রুশ সংবাদমাধ্যম তাস বলছে, আলোচনার পরিবেশ তৈরি করতে মস্কো ও কিয়েভ দুই পক্ষই কয়েক দিনের জন্য একে অপরের রাজধানীতে হামলা না চালানোর ঘোষণা দেয়।

পেসকভ জানান, রোববার মধ্যরাত থেকে তিন দিনের জন্য কিয়েভে হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও জানান, শনিবার থেকে সোমবার পর্যন্ত মস্কোয় হামলা না চালানোর জন্য কিয়েভ প্রস্তুত।

তবে সীমিত এই যুদ্ধবিরতির মধ্যেও রাশিয়ার হামলায় ইউক্রেনে হতাহতের ঘটনা ঘটেছে। জেলেনস্কি জানান, শনিবার দেশজুড়ে রুশ হামলায় ১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে খারকিভ অঞ্চলে এক শিশু ও তার পরিবারের সদস্যরাও ছিলেন।

জেলেনস্কি অভিযোগ করেন, মার্কিন দূতদের সফর ব্যাহত করতে মস্কো কিয়েভের দুটি বিমানবন্দর ও বেসামরিক স্থাপনায় রাতভর হামলা চালিয়েছে।

উইটকফ ও কুশনারের মস্কো সফরটি ছিল যুদ্ধ শুরুর পর রাশিয়ায় তাদের অষ্টম সফর। তবে কিয়েভে এটিই তাদের প্রথম সফর হতে যাচ্ছে।

শুক্রবার ট্রাম্প বলেছিলেন, তার দূতেরা যুদ্ধ বন্ধের জন্য একটি নতুন ‘প্রস্তাব’ নিয়ে যাচ্ছেন। তবে তিনি প্রস্তাবটির বিস্তারিত জানাননি। এখন মস্কোর আলোচনার পর কিয়েভে মার্কিন দূতদের বৈঠক যুদ্ধ বন্ধের উদ্যোগে নতুন কোনো অগ্রগতি আনতে পারে কি না, সেদিকেই সবার নজর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular