আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে গভীর রাতে চালানো ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকটি মার্কিন সামরিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) জর্ডানের ‘মুওয়াফফাক সালতি’ বিমান ঘাঁটিতে এই হামলা চালানো হয়। এতে প্রায় আটটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়, তবে প্রাথমিক মেরামতের পর সেগুলো পুনরায় সেবায় ফিরিয়ে আনা হয়েছে।
এছাড়া একটি ‘এ-১০ থান্ডারবোল্ট’ (যা ‘ওয়ার্থগ’ নামে পরিচিত) গ্রাউন্ড-অ্যাটাক বিমান সরাসরি আঘাতপ্রাপ্ত হয়ে একটি ডানা হারিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই হামলায় কোনো মার্কিন সেনার প্রাণহানির খবর পাওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়, ঘাঁটিতে আসা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে মার্কিন বাহিনী ৩০টিরও বেশি প্যাট্রিওট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। জর্ডানের সামরিক বাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জর্ডানের দিকে আসা ২০টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয় এবং বাকি দুটি ক্ষেপণাস্ত্র জনশূন্য এলাকায় পতিত হয়।
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) এই হামলার দায় স্বীকার করে এটিকে একটি ‘শাস্তিমূলক অভিযান’ হিসেবে বর্ণনা করেছে।
ওমান উপসাগর এবং পারস্য উপসাগরে আমেরিকা কর্তৃক ইরানের একাধিক তেল ট্যাঙ্কারে হামলার পর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরান জর্ডানের ওই মার্কিন ঘাঁটিতে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
সূত্র: এনডিটিভি




