ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাআনুষ্ঠানিকভাবে নম্বর ওয়ান হলেন রাইবাকিনা

আনুষ্ঠানিকভাবে নম্বর ওয়ান হলেন রাইবাকিনা

ক্রীড়া ডেস্ক: সাবালেঙ্কার ৯৯ সপ্তাহের রাজত্বের অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে নারী টেনিসের নতুন বিশ্বনম্বর ওয়ান হলেন কাজাখস্তানের এলেনা রাইবাকিনা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত সর্বশেষ ডব্লিউটিএ র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান নিশ্চিত হয়েছে ২৭ বছর বয়সী এই তারকার।

দ্বিতীয় স্থান থেকে এক নম্বরে উঠতে রাইবাকিনার ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছানোই যথেষ্ট ছিল। তবে সেখানেই থামেননি তিনি।

নিউইয়র্কের গ্র্যান্ড স্লাম আসরের ফাইনালে দুইবারের বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে ক্যারিয়ারের তৃতীয় মেজর শিরোপা জিতেছেন রাইবাকিনা। একই সঙ্গে নিউইয়র্কে এটি তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।

সাবালেঙ্কার ৯৯ সপ্তাহের শীর্ষস্থানীয় রাজত্বের অবসান ঘটিয়ে রাইবাকিনা হলেন ১৯৭৫ সালে কম্পিউটারভিত্তিক ডব্লিউটিএ র‍্যাঙ্কিং চালুর পর ৩০তম ভিন্ন খেলোয়াড়, যিনি বিশ্বনম্বর ওয়ান হওয়ার কৃতিত্ব অর্জন করলেন।

সর্বশেষ ডব্লিউটিএ র‍্যাঙ্কিংয়ে রাইবাকিনা ৯ হাজার ৯০১ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছেন। সাবালেঙ্কা এক ধাপ নেমে ৭ হাজার ৮৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা ৭ হাজার ২৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং আরেক মার্কিন তারকা কোকো গফ ৭ হাজার ২৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ।

পঞ্চম স্থানে মিরা আন্দ্রেইভা, ছয়ে চেক প্রজাতন্ত্রের লিন্ডা নোসকোভা। ইউক্রেনের এলিনা সভিতোলিনা দুই ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছেন। তার পয়েন্ট ৪ হাজার ৮০৯।

চেকিয়ার ক্যারোলিনা মুচোভা এক ধাপ নেমে অষ্টম এবং পোল্যান্ডের ইগা সোয়ানতেক এক ধাপ নেমে নবম স্থানে আছেন। ইউক্রেনের মার্তা কোস্তিউক ৩ হাজার ৯৮০ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে দশম স্থানে উঠে প্রথমবারের মতো ডব্লিউটিএর শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন।

ইউক্রেনের সভিতোলিনা ইউএস ওপেনে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিলেও মুচোভা ও সোয়াতেককে পেছনে ফেলে সপ্তম স্থানে উঠেছেন। ফলে মুচোভা ও সোয়াতেক দুজনই এক ধাপ করে নিচে নেমেছেন।

অন্যদিকে গত বছরের ইউএস ওপেনের রানার্সআপ আমান্ডা আনিসিমোভা তৃতীয় রাউন্ডে বিদায় নেওয়ায় দশম স্থান থেকে নেমে গেছেন ১১ নম্বরে।

সপ্তাহের সবচেয়ে বড় লাফ দিয়েছেন চীনের কিনওয়েন ঝেং। সাবেক বিশ্বনম্বর চার ও বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন চোটের কারণে দীর্ঘদিন ভুগছিলেন। ক্যারিয়ারই যেন থমকে যাওয়ার পথে ছিল।

তবে ইউএস ওপেনে বাছাইপর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দারুণ লড়াই করে নিজের প্রত্যাবর্তনের জানান দেন ঝেং। শেষ আটে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন রাইবাকিনার কাছে হেরে বিদায় নেন তিনি। এর পর র‍্যাঙ্কিংয়ে এক লাফে ৬৯ ধাপ এগিয়ে ৫২ নম্বরে উঠে এসেছেন ঝেং।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular