নিউজ ডেস্ক: ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
তবে এ বিষয়ে দিল্লির কাছ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, ভারতের পক্ষ থেকে এ-সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে হত্যার ঘটনায় ভারতে অবস্থানরত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কার্যক্রম চলছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে চিঠিপত্র আদান-প্রদান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ‘আমাদের কূটনৈতিক যোগাযোগ চলছে। ভারতের কাছ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট উত্তর আমরা পাইনি। যেটা আমরা জেনেছি-তাদের দিক থেকেও একটা আইনি প্রক্রিয়া হয়তো চলমান আছে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যতক্ষণ পর্যন্ত তাদের বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে পারছি, আমাদের কার্যক্রম চলমান থাকবে।’
এদিকে ভারতে বাংলাদেশের হাইকমিশনারের অ্যাগ্রিমো নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ সেটিকে ভুয়া বলে দাবি করেন। তিনি বলেন, ‘ভারতের বাংলাদেশের হাইকমিশনারের অ্যাগ্রিমো দিল্লি সরকার এখনো দেয়নি দাবি করে প্রকাশিত প্রতিবেদন ভুয়া।’
এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভারত এরকম কিছু জানায়নি, অ্যাগ্রিমো যাচাই-বাছাই হতে সময় লাগে।’




