ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাগ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

নিউজ ডেস্ক : টানা গ্লোবাল সুপার লিগে দুই ম্যাচ হারের পর দুটি জিতে ফাইনালের টিকিট কেটেছিল রংপুর রাইডার্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য সৌম্য-রিশাদদের জাতীয় দলে ডাক পড়ায় ফাইনালে অংশগ্রহণ করা নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছিল। সেই অনিশ্চয়তা কাটিয়ে উঠে ফাইনালেও বাজিমাত করেছে বিপিএলের এই ফ্রাঞ্চাইজি।

অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে শনিবার ফাইনালে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন হল রংপুর রাইডার্স।

সৌম্য সরকার রংপুরের জয়ের নায়ক। তার বিধ্বংসী এক ইনিংসে ভর করেই ৩ উইকেটে ১৭৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় রংপুর। ওই রান তাড়া করতে নেমে ১২২ রানে অলআউট হয় ভিক্টোরিয়া। ২০১৭ সালে বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর আবার শিরোপার স্বাদ পেল বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক এই ফ্র্যাঞ্চাইজিটি। ম্যাচসেরার পাশাপাশি মোট ১৮৮ রান করে টুর্নামেন্টসেরাও হয়েছেন সৌম্য।

গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত গ্লোবাল সুপার লিগে অংশই নেয়ার কথা ছিল না রংপুরের। বিপিএলের চ্যাম্পিয়ন দল হিসেবে ফরচুন বরিশালকে টুর্নামেন্টের জন্য আমন্ত্রণ জানিয়েছিল গায়ানা। তবে বরিশাল সদিচ্ছা না দেখানোয় রংপুর রাইডার্স সুযোগ পায় টুর্নামেন্টটিতে। আর সেই সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে রংপুর। বিশ্বের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের পাঁচ দলকে নিয়ে আয়োজিত টুর্নামেন্টের প্রথম শিরোপা জিতে নিয়েছে দলটি।

প্রথম গ্লোবাল সুপার লিগের প্রথম শিরোপা জয়ের গৌরবের পাশাপাশি রংপুরের অর্থযোগও কম নয়। চ্যাম্পিয়ন হয়ে ৫ লাখ ডলার প্রাইজমানি পেয়েছে তারা। প্রাথমিক পর্বের দুটি জয়ের জন্য আরও ৫০ হাজার ডলার তো আছেই।

শিরোপা নির্ধারণী ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক সোহান। সৌম্য ৫৪ বলে ৭ চার আর ৫ ছক্কায় খেলেন হার না মানা ৮৬ রানের ইনিংস। আরেক ওপেনার স্টিভেন টেইলর ৪৯ বলে ৪টি করে চার-ছক্কায় করেন ৬৮ রান। সাইফ হাসান আউট হন ৪ বলে ৬ করে, ২ রানে অপরাজিত থাকেন নুরুল হাসান সোহান। ভিক্টোরিরার তিন বোলার নেন একটি করে উইকেট।

জবাবে শেখ মেহেদি-রিশাদ হোসেনদের তোপে দাঁড়াতেই পারেনি ভিক্টোরিয়া। ওপেনার জো ক্লার্কের ২২ বলে ৪০ ছাড়া বলার মতো স্কোর করতে পারেননি আর কেউ। বাকি ব্যাটাররা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন হারমীত সিং। শেখ মেহেদী এবং সাইফ হাসান শিকার করেন দুটি করে উইকেট। এ ছাড়াও কামরুল হাসান এবং রিশাদ হোসেন নেন এক উইকেট।

দিন শেষে হেসেছেন সৌম্যই। তাঁর ইনিংসই গড়ে দিয়েছে রংপুরের জয়ের ভিত্তি। যে জয় রংপুরকে এনে দিয়েছে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের ট্রফি আর রংপুরের দ্বিতীয় টি-টোয়েন্টি ট্রফি। এর আগে ২০১৭ সালে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular