লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় অনিবন্ধিত যান চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি
নাজমুল হোসেন : ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) লক্ষ্মীপুর সার্কেল ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খ্রীসা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উল আলম ভূঁইয়া, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান, ট্রাফিক ইন্সপেক্টর মো. কামরুল ইসলাম, বিআরটিএ লক্ষ্মীপুর সার্কেলের মোটরযান পরিদর্শক প্রণব চন্দ্র নাগ এবং ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহ আলম। এ ছাড়া নিরাপদ সড়ক চাই ও নিরাপদ সড়ক আন্দোলনের লক্ষ্মীপুর জেলার সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনায় অকালমৃত্যু বন্ধ করতে আইন প্রয়োগের পাশাপাশি চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। শুধু আইন প্রয়োগ করে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়, এ জন্য সড়কে চলাচলকারী সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, ট্রাফিক আইন বাস্তবায়নের পাশাপাশি অনিবন্ধিত যানবাহন চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।



