লাইসেন্স ছাড়াই চলছিল ইটভাটা দুটি, অভিযানে ইট তৈরির মেশিন ও কাঁচা ইট নষ্টের পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে লাইসেন্সবিহীন দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি ও চুল্লি ধ্বংস করেছে জেলা প্রশাসন। এ সময় ইট তৈরির মেশিন ও কাঁচা ইট নষ্ট করার পাশাপাশি ভাটার জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের জন্য স্থাপিত একটি অবৈধ স’মিল উচ্ছেদ করা হয়েছে। বিচ্ছিন্ন করা হয়েছে অবৈধ বিদ্যুৎ সংযোগও।
রোববার (১ নভেম্বর) উপজেলার ৭ নম্বর চর রমিজ ইউনিয়নে মেসার্স আদর্শ ব্রিকস ও মেসার্স মিতু ব্রিকস নামের দুটি ইটভাটায় এ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে ইটভাটা দুটির দুটি চিমনি ধ্বংস করা হয়। এ ছাড়া পানি ছিটিয়ে ও ভেঙে চুল্লিগুলো ব্যবহারের অনুপযোগী করা হয়। পাশাপাশি কাঁচা ইট ও ইট তৈরির মেশিন নষ্ট করা হয়। ভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের উদ্দেশ্যে স্থাপিত একটি অবৈধ স’মিলও উচ্ছেদ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খান অভিযান পরিচালনা করেন। এতে বাংলাদেশ পুলিশ, ব্যাটালিয়ন আনসার, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেন।
জেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



