ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতভূমিসেবায় হয়রানি বন্ধে ২৪ ঘণ্টা চালু কল সেন্টার

ভূমিসেবায় হয়রানি বন্ধে ২৪ ঘণ্টা চালু কল সেন্টার

নিউজ ডেস্ক: ভূমি অফিসে দালাল নির্ভরতা, দুর্নীতি ও নাগরিক হয়রানি বন্ধে কেন্দ্রীয়ভাবে অভিযোগ ব্যবস্থাপনা টিম গঠন করেছে ভূমি মন্ত্রণালয়।

একই সঙ্গে জেলা থেকে ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ড্যাশবোর্ডভিত্তিক তদারকি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ গ্রহণ থেকে নিষ্পত্তি পর্যন্ত পুরো প্রক্রিয়া নিয়মিত পর্যবেক্ষণ করছে কেন্দ্রীয় এ টিম।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে সিলেট-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

ভূমিমন্ত্রী বলেন, ভূমি উন্নয়ন কর, নামজারি ও খতিয়ানসহ বিভিন্ন সেবা অনলাইনে দেওয়া হচ্ছে। পাশাপাশি অটোমেটেড ভূমিসেবা সম্প্রসারণের কাজ চলছে। নাগরিকদের অভিযোগ গ্রহণ, পর্যালোচনা, সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো এবং নিষ্পত্তির অগ্রগতি তদারক করছে কেন্দ্রীয় অভিযোগ ব্যবস্থাপনা টিম। অনিয়ম, দুর্নীতি, হয়রানি ও সেবা পেতে অযৌক্তিক বিলম্বের অভিযোগ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি জানান, নাগরিকদের অনলাইনে অভিযোগ দাখিল, অগ্রগতি পর্যবেক্ষণ ও নিষ্পত্তির তথ্য জানার সুযোগ দিতে ‘ভূমিসেবায় অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও কারিগরি সহায়তা সিস্টেম’ চালু করা হয়েছে।

ভূমিসেবা-সংক্রান্ত তথ্য, পরামর্শ ও অভিযোগ গ্রহণে সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা কল সেন্টার চালু রয়েছে। ১৬১২২ নম্বরে ফোন করে দেশের নাগরিকেরা এ সেবা নিতে পারেন। প্রবাসীদের জন্য রয়েছে +৮৮০৯৬ ১২৩ ১৬১২২ নম্বরের বিশেষ হটলাইন।

মন্ত্রী আরও বলেন, সরাসরি বা লিখিতভাবে পাওয়া অভিযোগ তদন্ত ও নিষ্পত্তির জন্য মন্ত্রণালয়ে স্বতন্ত্র শাখা খোলা হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মাঠপর্যায়ে দালালমুক্ত সেবা নিশ্চিত করতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় থাকা ভূমি কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি করা হচ্ছে।

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপের মাধ্যমে অবস্থান যাচাইয়ের পরীক্ষামূলক কার্যক্রম চলছে। এ ছাড়া ভূমি রাজস্ব ও দেওয়ানি মামলা-সংক্রান্ত তথ্য পেতে হয়রানি কমাতে ‘ভূমি রাজস্ব মামলা ব্যবস্থাপনা সিস্টেম’ চালু করা হয়েছে। ডিজিটাল সেবা ও কেন্দ্রীয় মনিটরিং জোরদারের পাশাপাশি মাঠপর্যায়ে বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগও রয়েছে বলে জানান মন্ত্রী।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular