আন্তর্জাতিক ডেস্ক: বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ প্রকাশ্যে আসার পর এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং ‘চরম দুঃসময়’ পার করছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ‘স্ট্রেইট শুটার উইথ স্টিফেন এ’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হুয়াংয়ের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে স্ত্রী ও পরিবারকে আঘাত করার কারণে। সম্প্রতি তার সঙ্গে কথা হয়েছে বলেও জানান ট্রাম্প।
হুয়াংয়ের বিরুদ্ধে অ্যালিস হুয়াং নামের এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ রয়েছে। অ্যালিস সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী। তার বিরুদ্ধে চীনের হয়ে কাজ করার অভিযোগও উঠেছে। তবে তিনি গুপ্তচর কি না, তা এখনো নিশ্চিত নয়।
ট্রাম্প বলেন, ওই নারী গুপ্তচর হয়ে থাকলে বিষয়টি এক রকম, আর না হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। তিনি হুয়াংকে একজন ভালো মানুষ হিসেবে উল্লেখ করে তার গড়ে তোলা প্রতিষ্ঠান ও এনভিডিয়ার প্রযুক্তির প্রশংসাও করেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের সিনেটর টিম স্কট আগামী ৩ ডিসেম্বর সিনেটের ব্যাংকিং কমিটির সামনে স্বেচ্ছায় সাক্ষ্য দিতে হুয়াংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। হাজির না হলে তাকে বাধ্য করতে সমন জারি করা হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। এ ছাড়া প্রতিনিধি পরিষদের তিনটি কমিটিও তাকে রুদ্ধদ্বার বৈঠকে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করেছে।
সূত্র: দ্য ইনডিপেনডেন্ট



