নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে প্রায় এক দিনের বিভ্রাটের পর মাইক্রোসফটের সব সেবা পুরোপুরি সচল হয়েছে। শনিবার সকালে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সমস্যার মূল কারণ সমাধানে কাজ শেষ হয়েছে। ফলে আউটলুক, মাইক্রোসফট টিমস ও কোপাইলট ব্যবহারকারীরা এখন আর সমস্যায় পড়বেন না।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ বিভ্রাটে বিশ্বের ৭০টির বেশি দেশের ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়েন। ব্যবসাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর থেকে শুরু করে ব্যক্তিগত ব্যবহারকারীরাও এর প্রভাবে পড়েন। বিশ্বজুড়ে ৪৩ কোটির বেশি মানুষ আক্রান্ত সেবাগুলো ব্যবহার করেন।
মাইক্রোসফট জানিয়েছে, নেটওয়ার্কের সক্ষমতা বাড়ানোর কাজের সময় এ সমস্যার সূত্রপাত হয়। এর সঙ্গে সাইবার হামলা বা কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো এজেন্টের সম্পৃক্ততা ছিল না। এ ঘটনায় গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
বিভ্রাটের কারণে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সেবায় বিঘ্ন ঘটে। জাপান সরকারের কিছু কার্যক্রম, ফিলিপাইনের সুপ্রিম কোর্ট, অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা, উত্তর আমেরিকার ট্রেন, হাসপাতাল ও আদালতের কার্যক্রমেও সমস্যা দেখা দেয়। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএসের কিছু অংশ, স্কুল ও পুলিশ বাহিনীর কার্যক্রমও প্রভাবিত হয়।
কানাডার জাতীয় রেল নেটওয়ার্ক জানিয়েছে, যাত্রীরা ভ্রমণসংক্রান্ত ই-মেইল নাও পেতে পারেন। দেশটির কয়েকটি হাসপাতালেও ই-মেইল ব্যবহারে সমস্যা দেখা দেয়। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের কর্মীদের বরাতে পলিটিকো জানিয়েছে, আউটলুকের ওপর নির্ভরশীল থাকায় আইন প্রণয়নের কাজে পুরো এক দিন পিছিয়ে পড়েন তারা।
দক্ষিণ আফ্রিকার এক ওয়াইন উৎপাদক পিটার পেন্টজ বলেন, তার ব্যবসা কার্যত অচল হয়ে পড়েছিল। রপ্তানি-সংক্রান্ত যোগাযোগ বন্ধ হওয়ার পাশাপাশি উৎপাদনের গুরুত্বপূর্ণ কাজও ব্যাহত হয়।
মাইক্রোসফট জানায়, সমস্যার ব্যাপকতার কারণে ধাপে ধাপে সেবা পুনরুদ্ধার করা হয়েছে। সেবা চালুর পর যেন স্থিতিশীল থাকে, সেটিও নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ পর্যালোচনা শেষে একটি প্রতিবেদন প্রকাশ করবে প্রতিষ্ঠানটি।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এ ঘটনা দেখিয়েছে যে ব্যবসাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সেবাগুলো অল্প কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর কতটা নির্ভরশীল। ভবিষ্যতে এ ধরনের বিভ্রাটের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা এবং প্রযুক্তি ছাড়াই কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা থাকা জরুরি।



