পালপাড়ার নিজ বাসা থেকে রাত সাড়ে ৯টার দিকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে শহরের পালপাড়া এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, চাঁদপুর সদর মডেল থানা ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া কার্যক্রম নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় ব্যক্তিরা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী আত্মগোপনে গেলেও মজিবুর রহমান ভূঁইয়া প্রকাশ্যেই ছিলেন। এ সময় তিনি নিয়মিত আইন পেশায়ও যুক্ত ছিলেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মজিবুর রহমান ভূঁইয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিস্তারিত পরে জানানো হবে।



