নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পণ্য পরিবহন এজেন্সি মালিক সমিতির ২০২৭-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর চকবাজার ইমামগঞ্জে সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচনে ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৫৮ জন। বিভিন্ন পদে মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি দুটি পদে ভোটগ্রহণের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়।
নির্বাচনে সভাপতি পদে মোঃ আব্দুল হান্নান, সিনিয়র সহসভাপতি পদে মোঃ রফিকুল্লাহ (সুজন) ও সাদেকুর রহমান, সহসভাপতি পদে মোঃ সেলিম মিয়া ও মোঃ মুরাদ, সাধারণ সম্পাদক পদে তৌফিক হাসান রনি ও মোঃ আব্দুল হাদী, যুগ্ম সম্পাদক পদে জনি হাসান ও মোঃ মাসুদ হোসেন এবং কোষাধ্যক্ষ পদে শাহ্ করিম উল্লাহ চিশতী প্রার্থী হন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সুমন হাওলাদার, সহসাংগঠনিক সম্পাদক পদে মোঃ আব্দুল হান্নান, আবদুস সালাম, তারেক আজিজ সুমন ও মোঃ হাফিজুর রহমান এবং গণসংযোগ কর্মকর্তা পদে মোঃ মহসীন মিঠু প্রার্থী ছিলেন। কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মমতাজুল ইসলাম সুমন, শাহ্ রাহীম উল্লাহ চিশতী, মোঃ নুরুল করিম, মোঃ মিন্টু শেখ, মোঃ কামরুল ইসলাম, রাসেল চোকিদার, মোঃ আসাদুজ্জামান ও মোঃ মোস্তাকিম আহমেদ সুমন।
নির্বাচনে সাধারণ সম্পাদক ও সিনিয়র সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা থাকায় এ দুটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অন্য পদগুলোতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনার জন্য গঠিত বোর্ডের আহ্বায়ক ছিলেন বাংলাদেশ রাবার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির। বোর্ডের সদস্য ছিলেন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের ডিলার (বিই) অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদ উদ্দিন জুয়েল, বাংলাদেশ অভ্যন্তরীণ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি আলাউদ্দিন মালিক, বাংলাদেশ জরি দোকান প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম এবং বাংলাদেশ মনিহারি বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল আওরঙ্গজেব খান।
অন্যদিকে আপিল বোর্ডের আহ্বায়ক ছিলেন নূরানী সেন্টার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক হায়দার উদ্দিন আহমেদ। বোর্ডের সদস্য ছিলেন বাংলাদেশ পেপার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম, ছোট কাটারা পঞ্চায়েত কমিটির রাজী উদ্দিন রাজু, বাংলাদেশ পেপার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোঃ আনোয়ার হোসেন এবং বাংলাদেশ পণ্য পরিবহন এজেন্সি মালিক সমিতির সাবেক নির্বাচন বোর্ডের সদস্য মোঃ রাকিব উল্লাহ।
নির্বাচন বোর্ডের নেতৃবৃন্দ ও প্রার্থীরা বলেন, সমিতির নিজস্ব নীতিমালা অনুসরণ করে নির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সারা দেশে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত করা হবে। পণ্য পরিবহন খাতের মালিকদের স্বার্থ রক্ষা, ব্যবসায়িক কার্যক্রমে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বাড়াতে নতুন কমিটি কাজ করবে।
তারা আরও বলেন, পণ্য পরিবহন খাতের সঙ্গে যুক্ত শ্রমিক ও চালকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে সড়কে চাঁদাবাজি, হয়রানি এবং বিভিন্ন ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। এসব সমস্যা সমাধানে নির্বাচিত নেতৃত্বের উদ্যোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে সারা দেশের পণ্য পরিবহন এজেন্সি মালিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়বে। একই সঙ্গে পরিবহন খাতের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
পণ্য পরিবহন এজেন্সি মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
আরো খবর
Continue to the category


