চবি প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে মাদক সেবনের ঘটনায় চার আবাসিক শিক্ষার্থীর সিট বাতিল করেছে হল প্রশাসন।
বুধবার (২৫ নভেম্বর) হল প্রভোস্ট অধ্যাপক ড. এইচএস ফারুক আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিট বাতিল হওয়া শিক্ষার্থীরা হলেন– ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের মিনহাজুল ইসলাম ইকরা, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ইয়াজ নূর সাইমুন ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের মো. শাওন খান এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের মো. মাহবুবুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে প্রক্টরিয়াল টিম ও হল প্রশাসনের যৌথ অভিযানে হলের সি ব্লকের ৬১২ নম্বর কক্ষ থেকে মাদকদ্রব্য ও সেবনের সরঞ্জামসহ আটজনকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। তাদের মধ্যে চারজন হলটির আবাসিক শিক্ষার্থী।
এ ঘটনায় হলের অভ্যন্তরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ পর্যালোচনায় হল প্রশাসনের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে হলের পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা হলের আবাসিক ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন না। আগামী ৩০ নভেম্বরের মধ্যে তাঁদের হলকক্ষ ত্যাগ করে চাবি হল প্রশাসনের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে শহীদ ফরহাদ হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. এইচ এস ফারুক আলম বলেন, সেদিন সরাসরি মাদক সেবনরত অবস্থায় মোট আটজন ধরা পড়ে। এর মধ্যে চারজন আমাদের হলের শিক্ষার্থী। তাদের সিট বাতিল করা হয়েছে। মাদকের বিরুদ্ধে হল প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। হলের পরিবেশ ও শান্তিশৃঙ্খলা রক্ষায় আমরা যেকোনো পদক্ষেপ নেব।



