ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়পাকিস্তানে মুক্তিযুদ্ধ নিয়ে 'বিচিত্র দাবি' স্পীকার হাফিজউদ্দিনের

পাকিস্তানে মুক্তিযুদ্ধ নিয়ে ‘বিচিত্র দাবি’ স্পীকার হাফিজউদ্দিনের

নিউজ ডেস্ক: “একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত ” পাকিস্তানে সফরে গিয়ে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে এমনই বিচিত্র দাবি করলেন বাংলাদেশের স্পিকার হাফিজউদ্দিন আহমদ।
একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে ভারতের থাকার ভূমিকা অস্বীকার করলেন তিনি। তাঁর দাবি, ১৯৭১ সালের যুদ্ধে বাংলাদেশকে সাহায্য করেনি দিল্লি, দিল্লি কাজ করেছে পাকিস্তানকে দুর্বল করার জন্য। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ বিষয়ে দিল্লির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইতিহাস বলছে, ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারত। পাকিস্তানি সেনাবাহিনীর দমন-পীড়ন ও গণহত্যার জেরে পূর্ব পাকিস্তান থেকে বিপুল সংখ্যক মানুষ ভারতে আশ্রয় নিতে শুরু করেন। সেই সময় প্রায় এক কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিলেন বলে বিভিন্ন ঐতিহাসিক নথিতে উল্লেখ রয়েছে। শরণার্থীদের আশ্রয়, খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা করতে ভারতকে ব্যাপক চাপের মুখে পড়তে হয়।

 শরণার্থীদের আশ্রয় দেওয়ার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্র ও অন্যান্য সহায়তাও দিয়েছিল ভারত। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কূটনৈতিক সমর্থন আদায়ের চেষ্টা করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। বিভিন্ন দেশে সফর করে পাকিস্তানের সামরিক অভিযানের পরিস্থিতি তুলে ধরেন তিনি।

১৯৭১ সালের ৩ ডিসেম্বর পাকিস্তানের বিমান হামলার পর ভারত সরাসরি যুদ্ধে যোগ দেয়। ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশের মুক্তিবাহিনীর যৌথ অভিযান দ্রুত অগ্রসর হয়। ১৬ ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথ চূড়ান্ত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সামরিক, কূটনৈতিক ও মানবিক সহায়তা তাই ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

 তবে গত দেড়-দুই বছর ধরে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক মসৃণ করার তৎপরতা দেখা যাচ্ছে ঢাকার। ইসলামাবাদে গিয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ এবং পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে বৈঠক সেরেছেন বাংলাদেশের স্পিকার। এই সফরের সময়ে ইসলামাবাদের পার্লামেন্টও ঘুরে দেখেন তিনি।
সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাত্তরের যুদ্ধ সংক্রান্ত বিষয়েও মন্তব্য করেন। বিবিসি উর্দুর প্রতিবেদন অনুযায়ী, ওই সময়েই ভারতের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। হাফিজউদ্দিন বলেন, “১৯৭১ সালে ভারত বাঙালিদের (বাংলাদেশকে) সাহায্য করেনি। বরং, পাকিস্তানকে দুর্বল করে দিয়েছিল।”

বর্তমান কূটনৈতিক সমীকরণের নিরিখে বাংলাদেশি স্পিকারের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। হাসিনা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরতে চান। তবে তাঁকে পাসপোর্ট দিতে রাজি নয় বাংলাদেশ। তারা চায়, প্রত্যর্পণ করা হোক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। অন্য দিকে, ভারতও জানিয়ে দিয়েছে, কেউ স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাওয়া এবং কাউকে প্রত্যর্পণ করা সম্পূর্ণ আলাদা দু’টি বিষয়।

 উল্লেখ্য, ২০২৪ সালের অগস্টে আওয়ামী লীগের সরকারের পতনের পর হাসিনা চলে আসেন ভারতে। সেই থেকে এ দেশেই সাময়িক আশ্রয় নিয়েছেন তিনি। হাসিনাকে ঘিরে গত দু’বছরে ভারত এবং বাংলাদেশের মধ্যে বিভিন্ন সময়ে টানাপড়েন দেখা গিয়েছে।
বৃহস্পতিবারও বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দাবি করেছেন, দিল্লি-ঢাকা সম্পর্কের ক্ষেত্রে হাসিনা একটি ‘সমস্যা’। ভারতও তা বুঝতে পারছে বলে দাবি করেন তিনি।

গত বুধবার বিকেলে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সবাল বলেছিলেন, ‘‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার পরিকল্পনাটি ঢাকার প্রত্যর্পণের অনুরোধের সঙ্গে সম্পর্কহীন।’’ সেই সঙ্গে তিনি জানান, হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার অনুরোধের পর এ সংক্রান্ত আইনগত দিকগুলি বিবেচনা করা হচ্ছে।

বিবিসি উর্দুর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান সফরে গিয়ে হাসিনা প্রসঙ্গেও মুখ খোলেন বাংলাদেশের স্পিকার। ইসলামাবাদ থেকে তাঁর দাবি, ভারত হাসিনাকে প্রত্যর্পণ না-করলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ। “শুধু নিজের কর্মীদের উজ্জীবিত করতেই শেখ হাসিনা ফিরে আসার ঘোষণা করেছেন। আগামী ১০ বছরের মধ্যে তিনি বাংলাদেশে ফিরবেন না,” বলেন বাংলাদেশের স্পিকার।

 উল্লেখ্য, বাংলাদেশের এই স্পিকার এককালে পাকিস্তানি সেনার ক্যাপ্টেন ছিলেন। পরবর্তী সময়ে একাত্তরের মুক্তিযুদ্ধে যোগ দেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশে সামরিক সম্মানও পান তিনি। বাংলাদেশের সেই স্পিকারই এ বার পাকিস্তানে গিয়ে ভারতের বিরুদ্ধে মুখ খুললেন।
তাঁর কথায়, “গত ১৫ বছরে বাংলাদেশ একটি প্রতিবেশী দেশের উপনিবেশে পরিণত হয়েছে। এটা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে খুবই দুর্ভোগের।”

এমনকি কাশ্মীর প্রসঙ্গেও পাকিস্তানের দাবিকে সমর্থন করেন বাংলাদেশের সংসদের স্পিকার। ভারত বারবার বুঝিয়ে দিয়েছে, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং এটি সম্পূর্ণ অভ্যন্তরীণ একটি বিষয়। তবে পাকিস্তান সফরে গিয়ে হাফিজউদ্দিন বলেন, “রাষ্ট্রপুঞ্জের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধান হওয়া উচিত।” উল্লেখ্য, কাশ্মীর প্রসঙ্গে বিভিন্ন সময়ে এমন দাবি করে এসেছে পাকিস্তান। এবার তাদের দাবিকেই সমর্থন জানালেন বাংলাদেশের স্পিকারও।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular