নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে খাসিয়া সম্প্রদায়ের এক ভারতীয় গুলিতে দুদিনে ২ বাংলাদেশি যুবক নিহত হয়েছন। এরমধ্যে জৈন্তাপুর সীমান্তে খাসিয়া সম্প্রদায়ের এক ভারতীয় নাগরিকের গুলিতে অপরজন বিছনাকান্দি সীমান্ত এলাকায় প্রাণ হারিয়েছেন।এ নিয়ে দুই দিনে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশির মৃত্যু হলো।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি দমদমিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সবুজ মিয়া (২০) গোয়াইনঘাটের ভিতরগুল পাহাড়তলী গ্রামের আবুল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দমদমিয়া সীমান্তের ১২৬১ নম্বর পিলার থেকে ভারত সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে সবুজ মিয়ার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে তারা বিজিবি ও পুলিশকে খবর দেন।
দমদমিয়া বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) সুবেদার মিজানুর রহমান বলেন, সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়দের কাছ থেকে সীমান্তের ওপারে (ভারতীয় ভূখণ্ডে) বাংলাদেশি যুবকের লাশ পড়ে থাকার বিষয়টি জানি। এরপর এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ বলেন, খাসিয়ার গুলিতে নিহত সবুজ মিয়ার পিতা আবুল হোসেন থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেছেন। লাশটি ভারতের ভেতরে থাকায় পুলিশ উদ্ধার করতে পারেনি।
এর আগে, গত বৃহস্পতিবার ভারতীয় এক খাসিয়া নাগরিকের গুলিতে সিলেটের আরেক কিশোর নিহত হয়। সেদিন দুপুরে নিহত হয় জৈন্তাপুর উপজেলার ঝিঙ্গাবাড়ি গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে মারুফ মিয়া (১৬)।



