ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিআর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে রিফাইনান্স স্কিম চালু করল বাংলাদেশ ব্যাংক

আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে রিফাইনান্স স্কিম চালু করল বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক: অর্থনৈতিক বৈষম্য হ্রাস এবং টেকসই আর্থিক খাত উন্নয়নের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আনুষ্ঠানিক আর্থিক সেবা পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট থেকে ‘আর্থিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে ‘ই-ঋণ’ (e-loan) পুনঃ অর্থায়ন স্কিম’ শিরোনামে একটি গুরুত্বপূর্ণ সার্কুলার জারি করা হয়েছে।

১০০ কোটি টাকার এই বিশেষ ঘূর্ণায়মান তহবিলের মাধ্যমে দেশের প্রান্তিক ও অনানুষ্ঠানিক খাতের ক্ষুদ্র উদ্যোক্তা এবং সুবিধাবঞ্চিত মানুষেরা সহজ শর্তে ও ডিজিটাল মাধ্যমে ক্ষুদ্র ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে ১০০ কোটি টাকার এই রিফাইনান্স স্কিম বা পুনঃ অর্থায়ন তহবিল গঠন করা হয়েছে, যা নির্ধারিত মেয়াদের মধ্যে আবর্তনশীল বা ঘূর্ণায়মান (Revolving) হিসেবে পরিচালিত হবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এই স্কিমের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত। এর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো এই নির্দিষ্ট মেয়াদের মধ্যে প্রান্তিক পর্যায়ে ডিজিটাল উপায়ে ক্ষুদ্র ঋণ বিতরণের জন্য বারবার এই তহবিল ব্যবহার করার সুযোগ পাবে।

এই স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকের অনুকূলে বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়নের বার্ষিক সুদের হার হবে মাত্র ১ শতাংশ। তবে ব্যাংক কর্তৃক গ্রাহক পর্যায়ে প্রদত্ত ঋণ বা বিনিয়োগের বিপরীতে সুদের বা মুনাফার হার বার্ষিক সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা গ্রাহকের ঋণ বা বিনিয়োগের ক্রমহ্রাসমান স্থিতির ওপর হিসাব করে আরোপ করতে হবে।

এ ছাড়া শরীআহ ভিত্তিক ব্যাংকগুলোর ক্ষেত্রে উপযুক্ত শর্তাবলি বজায় রেখে এবং শরীআহ অনুমোদিত বিনিয়োগ পদ্ধতিতে বার্ষিক সর্বোচ্চ ৯ শতাংশের বেশি মুনাফা আদায় করা যাবে না। এই তহবিলের আওতায় একজন একক গ্রাহক নির্দিষ্ট সময়ে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ‘ই-ঋণ’ সুবিধা লাভ করতে পারবেন।

আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠী, দূরবর্তী এলাকায় বসবাসরত এবং প্রচলিত ব্যাংকিং সুবিধার বাইরে থাকা সাধারণ মানুষ এই ঋণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। বিশেষ করে প্রান্তিক নারী, অতি ক্ষুদ্র বা ক্ষুদ্র নারী উদ্যোক্তা যারা কোনো আয়ের উৎসারি কর্মকাণ্ডে নিয়োজিত আছেন, তারা অগ্রাধিকার পাবেন।

পাশাপাশি ১৬ থেকে ২৫ বছর বয়সী স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারী শিক্ষার্থীরা শিক্ষা ব্যয় নির্বাহ, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ক্রয়, বৃত্তিমূলক বা কারিগরি প্রশিক্ষণ এবং আয়-উপার্জনী কর্মকাণ্ডে নিয়োজিত থেকে দক্ষতাভিত্তিক পেশা ও ব্যবসা পরিচালনার জন্য এই ঋণ গ্রহণ করতে পারবেন। এ ছাড়া সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী ব্যক্তি কিংবা তৃতীয় লিঙ্গের গ্রাহক যারা কোনো ধরনের আয়-উপার্জনী কাজে যুক্ত, তারাও এই অগ্রাধিকার খাতের অন্তর্ভুক্ত থাকবেন।

বাণিজ্যিক ব্যাংকগুলোকে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপস, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) এবং ই-ওয়ালেটের মাধ্যমে ঋণ গ্রহীতার অনবোর্ডিং থেকে শুরু করে ঋণ বিতরণ ও আদায় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এই ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস। বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত পুনঃ অর্থায়নের অর্থ সাধারণত ত্রৈমাসিক ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যাংকের চলতি হিসাব বিকলন করে আদায় করা হলেও, গ্রাহক পর্যায়ে বিতরণকৃত ঋণের মেয়াদ ৩ মাসের কম হলে মাসিক কিস্তিতে এবং ৩ মাসের অধিক কিন্তু ৩ এর গুণিতক সংখ্যক মাস না হলে ত্রৈমাসিক ভিত্তিতে আদায়ের পর অবশিষ্ট অংশ মাসিক কিস্তিতে ব্যাংক কর্তৃক আদায় করা হবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular