বগুড়া প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার বহুল আলোচিত তিন ইউনিয়নের নতুন নামকরণ করা হয়েছে। গণশুনানির পর নবগঠিত তিন ইউনিয়নের নতুন নাম ঠিক করা হয়েছে।
রোববার সকালে নামগুলো ঘোষণা করেছেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ ব্যাপারে রেজুলেশন পাশ হয়। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন নামগুলো হলো- শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের পরিবর্তে নতুন নাম বেতগাড়ি ইউনিয়ন, মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের পরিবর্তে জগন্নাথপুর ইউনিয়ন এবং দিগন্ত ইউনিয়নের পরিবর্তে রহবল ইউনিয়ন নামকরণ করা হয়েছে।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, জেলা প্রশাসনের সমন্বয় সভায় তিনটি ইউনিয়নের নতুন নাম অনুমোদন করা হয়েছে। এখন প্রস্তাবটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর নতুন নামগুলো গেজেট আকারে প্রকাশ করা হবে।




