নিউজ ডেস্ক: প্রায় তিন ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকেও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য কোনো চুক্তিতেও পৌঁছাতে পারেনি এ দুই নেতা। তবে ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি সংঘাতের অবসান চান। তবে তার আগে সংঘাতের ‘মূল কারণগুলো’ দূর করতে হবে। এই ‘মূল কারণ’ কী সে ব্যাপারেও বিস্তারিত কিছু বলেন তিনি।
যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বৈঠকের আয়োজন করতে যাচ্ছেন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, চুক্তিটি চূড়ান্ত করতে ইউক্রেনকে রাজি হতে হবে। এ ব্যাপারে রুশ প্রেসিডেন্ট বলেছেন, ‘‘আমি অবশ্যই সংঘাতের অবসান চাই। ইউক্রেন ও ইউরোপীয় নেতারা যেন এই শান্তি প্রক্রিয়ায় ‘বাধা সৃষ্টি’ না করে, সেটা চাই আমি।’’
তিনি বলেন, আজকের আলোচনা কেবল ইউক্রেন সমস্যার সমাধানই নয়, বরং যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ব্যবসায়িক ও বাস্তববাদী সম্পর্ক পুনরুদ্ধারের ভিত্তি হয়ে উঠবে বলে আমি আশা করি।
আলাস্কায় আঙ্করেজের এলমেনডর্ফ-রিচার্ডসন ঘাঁটিতে জ্যেষ্ঠ সহযোগীদের নিয়ে দীর্ঘ এ বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন যৌথ সংবাদ সম্মেলন করেছেন। সংক্ষিপ্ত বক্তব্যে দুই নেতা বলেছেন, কিছু বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে কোন কোন বিষয়ে অগ্রগতি হয়েছে তাও খোলাসা করেননি। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের কাছ থেকে কোনো প্রশ্নও তারা নেননি।
যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আজ আমাদের খুব ভালো একটা বৈঠক হয়েছে। আমরা অনেক বিষয়ে একমত হয়েছি। তবে কয়েকটি বড় বিষয়ে আমরা এখনও পুরোপুরি মতৈক্যে পৌঁছাতে পারিনি। তবে কিছুটা অগ্রগতি হয়েছে। তিনি বলেন, বৈঠক ‘খুবই ফলপ্রসূ’ হয়েছে। তবে চূড়ান্ত লক্ষ্যে ‘পৌঁছানো যায়নি’। চুক্তি তখনই হবে, যখন সমঝোতা হবে।
ট্রাম্প বলেন, আমি চাই ইউক্রেনে মানুষের মৃত্যু বন্ধ হোক। যতক্ষণ পর্যন্ত চুক্তি না হচ্ছে, ততক্ষণ কোনো চুক্তি নেই, তবে আমরা অনেকখানি অগ্রগতি করেছি।



