নিউজ ডেস্ক: গণ-অভ্যুত্থানের বৈধতা বা অবৈধতার বিচার আদালতের বিষয় নয়। এক্ষেত্রে জনগণই সর্বোচ্চ বিচারক।
ফলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশই জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায় প্রকাশের একমাত্র আইনগত মাধ্যম বলে এক সংবাদ সম্মেলনে মত প্রকাশ করা হয়েছে। জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল এই সম্মেলনের আয়োজন করে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ‘গণ-অভ্যুত্থান-জুলাই সনদ-গণভোট-সংবিধান সংস্কার-পঞ্চদশ সংশোধনী মামলার রায় : বর্তমান বাস্তবতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্ট বারের শহিদ শাফিউর রহমান অডিটরিয়ামে অনুষ্ঠিত এই সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
কাউন্সিলের সভাপতি ও সদ্যসম্পন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মো. জসীম উদ্দীন সরকারের সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।




