আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একটি হাসপাতালের পাশে আরও পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মধ্য গাজার এ হামলা হয় বলে জানিয়েছে ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
নিহতরা হলেন– ফাদি হাসসুনা, ইব্রাহিম আল-শেখ আলী, মোহাম্মদ আল-লাদাহ, ফয়সাল আবু আল-কুমসান এবং আয়মান আল-জাদি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, একটি গাড়ি আগুনে পুড়ে গেছে। গাড়ির পেছনে বড় লাল অক্ষরে প্রেস শব্দটি লেখা।
প্রতিবেদনে বলা হয়েছে, তারা আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিক ছিলেন। তারা নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-আওদা হাসপাতালের কাছে সংবাদ সংগ্রহে গিয়েছিলেন।
আলজাজিরার আনাস আল-শরিফ বলেছেন, নিহতদের মধ্যে আয়মান আল-জাদি তার স্ত্রীর জন্য হাসপাতালের সামনে অপেক্ষা করছিলেন। তার সন্তানসম্ভবা স্ত্রী এ হাসপাতালেই আছেন।
কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, বেসামরিক প্রতিরক্ষা টিম মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনাস্থলে আগুন নিভিয়েছে।



