নিউজ ডেস্ক: গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় একটি কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট একযোগে কাজ করে। চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
শনিবার (২৪ অক্টোবর) এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ায় কারখানাটির আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী মো. রতন মিয়া জানান, গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম স্ট্রিজ নামের একটি পোশাক কারখানার গোডাউনের ভেতর থেকে আগুন দেখতে পেয়ে তিনি ফায়ার সার্ভিসে ফোন দেন। এরই মধ্যে আগুন পাশের ডিবিএল গ্রুপের সুতার গোডাউনে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার কারখানার ওই গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। গোডাউনে মজুত থাকা বিভিন্ন দাহ্য পদার্থ ও কাঁচামালের কারণে মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে এবং দ্রুত চারদিকে ছড়িয়ে পড়তে থাকে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাশিমপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আশপাশের ফায়ার স্টেশন থেকে আরও কয়েকটি ইউনিট যোগ দেয়। মোট ১০টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন যাতে গোডাউন থেকে কারখানার মূল প্ল্যান্ট বা আশপাশের অন্যান্য ভবনে ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও গুরুত্ব দিয়ে ফায়ার ফাইটাররা কাজ করেছেন। আগুন পুরোপুরি নির্বাপণের পর তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, আগুন নিয়ন্ত্রণের পর সন্ধ্যা পর্যন্ত ডাম্পিংয়ের কাজ চলছিল। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো আনুষ্ঠানিক খবর পাওয়া যায়নি। তবে কারখানার গোডাউনে থাকা বিপুল পরিমাণ পণ্য ও মূল্যবান কাঁচামাল পুড়ে ছাই হয়ে গেছে।



