ময়মনসিংহ ব্যুরো : ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে চাঁদাবাজি বন্ধ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে মঙ্গলবার দুপুরে নগরীর চরপাড়া মোড় এলাকায় মানববন্ধনে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, কর্মচারি ও ঔষধ ব্যবসায়ীরা অংশ নেন। এসময় বক্তারা অবিলম্বে চিহ্নিত চাঁদাবাজদের আইনের আওতায় এনে সাধারণ ক্লিনিক ও ডায়াগনোস্টিক ব্যবসায়ীদের নিরাপদে প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন ময়মনসিংহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি শামসুদ্দোহা মাসুম, সহসভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক রেজাউল হক পাপ্পু, হাবিবুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সুমন, অর্থ সম্পাদক বাবুল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াসসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ।
সম্প্রতি নগরীর বাঘমারায় একটি বেসরকারি হাসপাতালে কতিপয় সন্ত্রাসীরা মালিকের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা ঐ মালিককে মারধর করে ও হাসপতালে হামলা চালায়।
এ প্রেক্ষিতে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, কর্মচারিরা মানববন্ধন কর্মসূচি পালন করে। এর আগে সোমবার (১৬ জুন) চাঁদাবাজি বন্ধে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।



