নিউজ ডেস্ক : চব্বিশের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে জাতীয়তাবাদী ছাত্রদল ৯ দফা প্রতিশ্রুতি ঘোষণা করেছে। রবিবার বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত ছাত্র সমাবেশে এ ঘোষণা দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবেই এই সমাবেশের আয়োজন করা হয়।
ঘোষিত ৯ দফার মূল প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে—শিক্ষাঙ্গনে গেস্টরুম ও গণরুম সংস্কৃতির বিলোপ, নিরাপদ ও মানসম্মত আবাসন ও খাদ্য নিশ্চিতকরণ, ধর্ম-বর্ণ-লিঙ্গনির্বিশেষে সমঅধিকার প্রতিষ্ঠা, ফ্যাসিবাদবিরোধী ও বাংলাদেশপন্থী শিক্ষানীতির প্রণয়ন, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, মাদকমুক্ত ক্যাম্পাস, ঐতিহাসিক চেতনার সাংস্কৃতিক চর্চা, ছাত্র সংসদ নির্বাচনের দাবি এবং গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সোচ্চার ভূমিকার অঙ্গীকার।
ছাত্র সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান, যিনি লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
সমাবেশে নেতারা জানান, এই ৯ দফা শুধু প্রতিশ্রুতি নয়, বরং একটি গণতান্ত্রিক, শিক্ষাবান্ধব ও মানবিক রাষ্ট্র গঠনের রূপরেখা।
ঢাকানিউজ২৪/মহফ



