ক্রীড়া ডেস্ক: সৌদি প্রো লিগের ম্যাচে প্রয়াত ডিয়োগো জোতার নাম ধরে রুবেন নেভেসকে কটাক্ষ করা সমর্থকদের আজীবনের জন্য স্টেডিয়ামে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
গত শনিবার বুরাইদাহতে আল-হিলাল ও আল-তাউন ম্যাচে ঘটনাটি ঘটে। ম্যাচে আল-হিলাল ৬-০ গোলে জয় পায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গ্যালারির একাংশ নেভেসকে উদ্দেশ করে ‘জোতা’ বলে স্লোগান দিচ্ছেন।
ডিয়োগো জোতা ছিলেন নেভেসের সাবেক পর্তুগাল ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স সতীর্থ এবং ঘনিষ্ঠ বন্ধু। ২০২৫ সালের ৩ জুলাই স্পেনে এক সড়ক দুর্ঘটনায় ভাই আন্দ্রে সিলভার সঙ্গে মারা যান জোতা। তার শেষকৃত্যে নেভেস কফিন বহনকারীদের একজন ছিলেন।
ম্যাচ চলাকালে জোতার নাম ধরে দেওয়া স্লোগানের জবাবে নেভেস নিজের চোখের দিকে ইঙ্গিত করেন। এরপর আকাশের দিকে তাকান তিনি। ম্যাচ শেষে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নেভেস।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া জানান রোনালদো। যারা এমন কটাক্ষ করেছে, তাদের শাস্তি দেওয়ার জন্য লিগ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান পর্তুগিজ তারকা।
রোনালদো লেখেন, ‘এটা আর ফুটবল নয়, এর একটা সীমা থাকা দরকার।’ এরপর তিনি আরও বলেন, এ ধরনের সমর্থকদের আর কখনো স্টেডিয়ামে ঢুকতে দেওয়া উচিত নয়। ম্যাচটিতে ৭৫ মিনিট খেলেছেন নেভেস। এরপর তাকে বদলি করা হয়।




