সৈয়দ নূরুল্লাহেল সাদেক, জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মেলান্দহ উপজেলা একাদশকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সরিষাবাড়ী উপজেলা একাদশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে দুই দলই গোল করতে না পারায় ম্যাচটি ০-০ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে সরিষাবাড়ী উপজেলা একাদশ ৪-২ গোলে জয় পায়।
ফাইনালে জয়ী দলের হাতে গোল্ডকাপ ট্রফি তুলে দেন প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং বিশেষ অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
এ সময় জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম, জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক মাহিন রানা। রানার্সআপ হয়েছে মেলান্দহ উপজেলা একাদশ।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ফাইনাল ম্যাচটি দেখতে প্রায় ২০ হাজার দর্শক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। ম্যাচজুড়ে দর্শকদের উচ্ছ্বাসে স্টেডিয়াম মুখর ছিল।




