ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধটাকা ফেরত না পেয়ে কোলের বাচ্চাকে নিয়ে গেলো ‘সুদের কারবারি’

টাকা ফেরত না পেয়ে কোলের বাচ্চাকে নিয়ে গেলো ‘সুদের কারবারি’

শরীয়তপুরের জাজিরার পূর্ব নাওডোবা এলাকায় সুদের টাকা আদায় করার জন্য ছয় মাস বয়সী এক শিশুকে অপহরণের ঘটনা ঘটেছে। ঘটনার ৪৮ ঘণ্টা পর র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকালে ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগে রোববার দিবাগত রাতে মুন্সিগঞ্জ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটিকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, অপহৃত শিশুর নাম জাহিদ রাফসান। সে মালয়েশিয়া প্রবাসী জুয়েল মল্লিক ও রাত্রি বেগম দম্পতির সন্তান।

প্রায় দুই বছর আগে রাত্রি বেগম তার জা আমেনা বেগমের মাধ্যমে চার লাখ টাকা সুদে ঋণ নেন। পরে সুদসহ প্রায় চার লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করা হলেও আরও টাকা পাওনা রয়েছে দাবি করে আসছিলেন আমেনা বেগম। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত শনিবার ভোরে আমেনা বেগম কৌশলে শিশুটিকে কিছু সময়ের জন্য নিজের কাছে নেওয়ার কথা বলে নিয়ে যান। এরপর থেকেই তিনি শিশুটিকে নিয়ে পালিয়ে যান। এক পর্যায়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে অপহরণকারী আমেনা বেগম শিশুটিকে ফেরত দিতে সুদের পাঁচ লাখ টাকা দাবি করেন।

পরে রোববার দুপুরে শিশুটির পরিবারের মাধ্যমে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে আমেনা বেগমকে ডেকে আনা হয়। এসময় আমেনা বেগম ডুবিসায়বর এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে শিশুটিকে ছাড়াই এসে অবস্থান নেন। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমেনা বেগমকে আটক করে। এরপর তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর সহযোগিতায় অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার করে পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ।

অভিযুক্ত আমেনা বেগম দাবি করেন, আরেকজনের কাছ থেকে সুদে টাকা এনে দিয়েছিলেন তিনি, কিন্তু সেই টাকা পরিশোধ না করায় তার সাথে খুবই বাজে ব্যবহার করা হচ্ছে বলেই উপায়ান্তর না পেয়ে পাওনা সেই টাকা আদায়ের জন্যই তিনি শিশুটিকে নিয়ে গিয়েছিলেন। তাই, টাকা ফেরত না পাওয়া পর্যন্ত শিশুটিকে ফেরতও দিতে চাননি তিনি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশু অপহরণের খবর পেয়ে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। একপর্যায়ে র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে শিশুটিকে উদ্ধার সক্ষম হয় র‌্যাব।

শরীয়তপুর জেলা পুলিশ সুপার রওনক জাহান বলেন, অভিযুক্ত নারীকে ইতোমধ্যেই আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে অপহৃত শিশুটিকেও উদ্ধার করে আপাতত তার পরিবারের হেফাজতে দেয়া হয়েছে। অভিযুক্ত আমেনা বেগমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular