নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন। মঙ্গলবার স্থানীয় সময় রাতে তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে করে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করেন। এরপর হেলিকপ্টারে চড়ে তারা যান উইনফিল্ড হাউসে, যা লন্ডনে মার্কিন রাষ্ট্রদূতের সরকারি বাসভবন। দেশটিতে এটি ট্রাম্পের দ্বিতীয় রাষ্ট্রীয় সফর, যা কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য নজিরবিহীন।
স্থানীয় সময় বুধবার উইনসর ক্যাসেলে ট্রাম্পকে স্বাগত জানাবেন রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা। এ সময় থাকবে ১ হাজার ৩০০ সেনাসদস্য ও ১২০টি ঘোড়া নিয়ে গড়া বিশেষ গার্ড অব অনার। পাশাপাশি লন্ডন টাওয়ার ও উইনসরে একযোগে বন্দুক স্যালুট হবে। এর পর আড়ম্বরপূর্ণ ভোজসভা, যেখানে পরিবেশিত হবে ব্রিটিশ সামরিক বাহিনীর বিশেষ সংগীত। খবর দ্য গার্ডিয়ানের
এদিকে ট্রাম্পের সফরকে ঘিরে রাজকীয় আয়োজন থাকলেও রাস্তায় চলছে বিক্ষোভ। উইনসর ও লন্ডনে শত শত মানুষ ট্রাম্পবিরোধী স্লোগান দেন।
লন্ডনের মেয়র সাদিক খান গার্ডিয়ানে লেখা নিবন্ধে অভিযোগ করেন, ট্রাম্প বিভাজনমূলক ডানপন্থি রাজনীতিকে উসকে দিয়েছেন। তার মতে, সংখ্যালঘুদের টার্গেট করা ও সেনা মোতায়েনের মতো পদক্ষেপ ‘স্বৈরশাসকের কৌশল’।



