নীলফামারী প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় এর উদ্যোগে নীলফামারী জেলার ডোমার উপজেলার ডোমার বাজার নামক এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় করার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ওই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে আনুমানিক ৯৮ (আটানব্বই) কেজি নিষিদ্ধ পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
অভিযানকালে নিষিদ্ধ পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে মেসার্স সাবেদ ট্রেডার্স নামক দোকানের মালিককে চার হাজার, মেসার্স মা মসলা স্টোরকে তিন হাজার ও মেসার্স সাজিদ আল আমান স্টোরকে চার হাজার পাঁচশত টাকাসহ এগার হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজীর ইসলাম অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্-আল-মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।



