নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি (আরএডিপি) অনুমোদন দেওয়া হয়েছে।
আজ সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রাজনৈতিক অস্থিতিশীলতাসহ নানা কারণে উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা বিরাজ করায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে ৩০ হাজার কোটি টাকা ছেঁটে ফেলা হয়েছে। চলতি অর্থবছরে এডিপিতে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ থাকলেও সংশোধিত এডিপিতে (আরএডিপি) বরাদ্দ ধরা হয়েছে ২ লাখ কোটি টাকা।
সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব তথ্য জানান। এ সময় পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতারসহ পরিকল্পনা কমিশনের অন্যান্য সদস্য (সচিব) উপস্থিত ছিলেন।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘আজ একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে কোন খাতে কত ব্যয় হবে, তা চূড়ান্ত করা হয়েছে। নতুন প্রকল্প সবুজপাতায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মেগা প্রকল্পগুলো থেকে বড় অঙ্কের বরাদ্দ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’
চলতি ২০২৫-২৬ অর্থবছরের আরএডিপিতে মোট বরাদ্দের মধ্যে সরকারি তহবিল থেকে ১ লাখ ২৮ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ থেকে ৭২ হাজার কোটি টাকা রাখা হয়েছে। ফলে মূল এডিপির তুলনায় সরকারি তহবিলের বরাদ্দ ১৬ হাজার কোটি টাকা কমেছে। এছাড়া বৈদেশিক ঋণ থেকেও কমেছে ১৪ হাজার কোটি টাকা।
মেগা প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ কমানো হয়েছে মেট্রোরেল লাইন-১ (এমআরটি লাইন-১) প্রকল্পে। চলমান এডিপিতে এ প্রকল্পের আওতায় বরাদ্দ ছিল ৮ হাজার ৬৩১ কোটি ৪৩ লাখ টাকা। কিন্তু সংশোধিত এডিপিতে বরাদ্দ ধরা হয়েছে মাত্র ৮০১ কোটি টাকা। ফলে বাদ পড়ছে ৭ হাজার ৮৩০ কোটি ৪৩ লাখ টাকা, অর্থাৎ প্রায় ৯১ শতাংশ।




