জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের নান্দাইলে নবম শ্রেণির এক স্কুলছাত্রী অপহরণের আড়াই মাস পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করতে পারেনি থানা পুলিশ। স্কুল ছাত্রী তুলি উদ্ধার না হওয়ায় চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার।
দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরকামাটখালী গ্রামের আব্দুল আলিমের মেয়ে ও স্থানীয় জেবি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার তুলি (১৪)কে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করত প্রতিবেশী মিজানুর রহমানের ছেলে আজাদ মিয়া (১৬)। একপর্যায়ে গত ২৬ ফেব্রুয়ারি সকালে ওই স্কুল ছাত্রী বাড়ি থেকে স্থানীয় একটি কোচিং সেন্টারের উদ্দেশ্যে বের হয়ে চরকামটখালী জনৈক হাতেম আলীর বাড়ির সামনে রাস্তায় পৌঁছা মাত্রই পূর্ব থেকে ওৎ পেতে থাকা আজাদ ও তার সহযোগীরা তুলিকে জোরপূর্বক অপহরণ করেএকটি সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় তুলির বাবা আলিম বাদী হয়ে আাজাদ সহ ৫ জনের নাম উল্লেখ করে গত ৪ঠা মার্চ নান্দাইল মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন (মামলা নং-০৪ তাং ৪/৫/২০২৫)। ঘটনার প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও অপহৃতা স্কুল ছাত্রীকে এখনো উদ্ধার করা করতে পারেনি নান্দাইল মডেল থানা পুলিশ।
মামলার বাদী আব্দুল আলিম জানান, আসামিদের বাড়িতে গিয়ে মেয়ের খোঁজ চাইলে তারা শর্ত দেয় যে, আজাদের সাথে বিয়ে দিলেই কেবল মেয়ের সন্ধান জানানো হবে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ সম্রাজ মিয়া জানান, ভিকটিমকে উদ্ধারের চেষ্টায় অভিযান অব্যাহত আছে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, “আমি নতুন যোগদান করেছি, মামলার বিষয়টি খতিয়ে দেখে এবং তদন্ত কর্মকর্তার সাথে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
নান্দাইলে আড়াই মাস পেরিয়ে গেলেও অপহৃত স্কুলছাত্রী উদ্ধার হয়নি
RELATED ARTICLES



