জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেষে ফেরার পথে তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ ও ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে পড়েছেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের শীর্ষ নেতারা। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, তাদের না জানিয়ে বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
গত মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের জামতলা বাজারে কেক কাটা, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা পর্যায়ের মূল কর্মসূচি বাদ দিয়ে প্রত্যন্ত এলাকায় এ আয়োজন এবং বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিরোধিতাকারী ব্যক্তিদের সঙ্গে রাখার ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
তবে এমন কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন কর্মসূচিতে অংশ নেওয়া জেলা উত্তর যুবদলের নেতাকর্মীরা।
জানা যায়, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামসুল হক শামসু ও সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব নান্দাইলের সীমান্তবর্তী মুশুল্লী ইউনিয়নের জামতলা বাজারে গিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন। সেখানে বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিপক্ষে অবস্থান নেওয়া কয়েকজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে মিছিল ও সমাবেশ করেন বলে অভিযোগ উঠেছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা যুবদলের নেতা মারুফ হাসান।
বিষয়টি জানাজানি হলে নান্দাইল উপজেলা ও তৃণমূল পর্যায়ের যুবদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে কর্মসূচি শেষে ফেরার পথে নান্দাইল চৌরাস্তা এলাকায় জেলা উত্তর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের পথ আটকে বিক্ষোভ করেন ক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় তারা কথিত অসাংগঠনিক আচরণ ও বিতর্কিত ব্যক্তিদের দলে পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।
উপস্থিত নেতাকর্মীরা এ বিষয়ে জেলা নেতাদের কাছে জবাব চাইলে তারা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে জেলা সভাপতি শামসুল হক শামসুসহ তাঁর সঙ্গে থাকা নেতারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
বিক্ষুব্ধ যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস ও মিজান জানান, স্থানীয় উপজেলা যুবদলের নেতাকর্মীদের না জানিয়ে এবং দলের আদর্শবিরোধী ব্যক্তিদের সঙ্গে নিয়ে এ ধরনের একতরফা কর্মসূচি পালনের কারণ তাঁদের বোধগম্য নয়।
এ বিষয়ে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. রবিউল করিম ভূঁইয়া বিপ্লব জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ করে তিনি চলে আসেন। পরে চৌরাস্তায় কী হয়েছে, তা তিনি জানেন না। তবে আওয়ামী লীগ-সমর্থিত কিছু লোক রাস্তায় ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়েছে বলে শুনেছেন।
নান্দাইলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে জেলা নেতারা
আরো খবর
Continue to the category


