নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্য প্রবাসী এক ব্যক্তির স্ত্রীর নামে মিথ্যা চেক চুরির মামলা দিয়ে তাকে ঘর ছাড়া করেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ত্রাস এক বিএনপি নেতা কামাল হোসেন। নারীলোলুপ ওই বিএনপি নেতার সাঙ্গ পাঙ্গদের ভয়ে কোনো স্থানে আশ্রয় পাচ্ছেন না রাবিয়া আক্তার ডেইজি নামের ওই নারী।
বুধবার (২৯ অক্টোবর ২০২৫) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন এসব কথা বলেন ভূক্তভোগী নারী। ডেইজি বলেন, আশুগঞ্জের বিএনপি নেতা কামাল হোসেনের সঙ্গে তার পরিচয় পারিবারিকভাবে। যখন পরিচয় হয় তখন তার বিএনপিতে কোনো পদ পদবী ছিল না। বর্তমানে তিনি আশুগঞ্জ থানার বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি অশিক্ষিত ও মাদকসেবী।
তিনি বলেন, তার প্রবাসী স্বামীর টাকায় জমি ক্রয় করবেন বলে কামালকে টাকা দেন। কামাল টাকা পেয়ে জমির দাম বেশি বলে আরো টাকা চায়। তিনি জমি কিনবেন না সিদ্ধান্ত নেন। কামালের কাছে টাকা ফেরত চান। কামাল সেই টাকা চেক মারফত ফেরত দেন। চেকে টাকার পরিমাণ ছিল ৪০ লক্ষ। চেক মারফত টাকা তুলতে গেলে ব্যাংক স্টপ পেমেন্ট লেখা দেখায়। পরে তার বিরুদ্ধে লিগাল নোটিশ দেন তিনি। সেই লিগ্যাল নোটিশের জবাবে ডেইজির বিরুদ্ধে চেক চুরির মিথ্যা মামলা দেন কামাল হোসেন।
আশুগঞ্জ থানা কামাল হোসেনের মামলা তদন্ত করতে ডেইজির কাছ থেকে আসল চেকটি চান। ডেইজি চেকটি আদালতে জমা দেবেন বলে পুলিশকে না করে দেন। এদিকে কামাল ডেইজির পরিবারকে মেরে ফেলার হুমকি দেয়। আতঙ্কিত হয়ে ডেইজি এখন পালিয়ে বেড়াচ্ছেন। তিনি কামাল হোসেনের এই আতঙ্ক থেকে নিজের পরিবারকে বাঁচাতে চান। প্রশাসনের কাছে নিরাপত্তা চান। এ ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক কামাল হোসেনের বিচার চান।



