ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশ‘প্রশাসন অনেকটা নামে মাত্র প্রশাসনে পরিণত হয়েছে’

‘প্রশাসন অনেকটা নামে মাত্র প্রশাসনে পরিণত হয়েছে’

নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘আমাদের প্রশাসন অনেকটা নামে মাত্র প্রশাসনে পরিণত হয়েছে। প্রশাসনের জনবল আছে, প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জামও আছে; কিন্তু বাস্তবে সেই অনুযায়ী কাজ হচ্ছে না।’

আজ সোমবার সকালে রাজধানীর দক্ষিণখানের বিদুরপাড়া জামে মসজিদসংলগ্ন এলাকায় সাত দিনের পরিচ্ছন্নতা অভিযানের শেষ দিনে তিনি এসব কথা বলেন। সেলিম উদ্দিন ঢাকা মহানগর জামায়াতের উত্তরের আমির ও ডিএনসিসি মেয়র প্রার্থী।

সেলিম উদ্দিন বলেন, বিদুরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ময়লার একটি বড় স্তূপ ছিল। পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে সেটি পরিষ্কার করে ফুটপাত চলাচলের উপযোগী করা হয়েছে। ওই এলাকায় থাকা আরও ময়লার স্তূপ দ্রুত অপসারণের জন্য সিটি করপোরেশনকে সময় দেওয়ার কথাও জানান তিনি।

মসজিদসংলগ্ন এলাকায় ময়লা ফেলে রাখার সমালোচনা করে তিনি বলেন, মসজিদের পবিত্রতা ও মুসল্লিদের চলাচলের বিষয়টি বিবেচনায় নিয়ে ময়লা অপসারণ করা জরুরি। প্রশাসন দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাঁদের কর্মীরা আবারও ওই স্থান পরিষ্কার করবেন বলেও জানান তিনি।

সেলিম উদ্দিন বলেন, পরিচ্ছন্নতা অভিযানটি কাউকে দেখানোর জন্য করা হয়নি। এটি মানবিকতা ও নৈতিক দায়িত্ববোধ থেকে করা হয়েছে। সরকারের কোনো ভালো উদ্যোগ থাকলে সেটিকেও তাঁরা স্বাগত জানান বলে মন্তব্য করেন তিনি।

বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, বর্জ্যকে শুধু ময়লা হিসেবে না দেখে পুনর্ব্যবহারের সুযোগ কাজে লাগাতে হবে। বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে কলম তৈরি করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিতরণের পরিকল্পনার কথাও জানান তিনি।

তরুণদের কর্মসংস্থানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সেলিম উদ্দিন বলেন, চাকরির অভাবে তরুণদের বিদেশে যেতে হবে—এমন বাংলাদেশ তাঁরা চান না। ঢাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

তিনি আরও বলেন, রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে চুরি, অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা গেলে গ্যাস ও বিদ্যুৎসহ বিভিন্ন সংকটের সমাধান করা সম্ভব। জনগণের সম্পদ জনগণের কল্যাণে ব্যবহারের ওপর গুরুত্ব দেন তিনি।

পরিচ্ছন্নতা অভিযানে আরও উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব ও পশ্চিম জোনের পরিচালক ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. জামাল উদ্দিন, ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ডা. হাবিবুর রহমান, দক্ষিণখান পূর্ব থানা জামায়াতের আমির মো. আবু সাঈদ, সেক্রেটারি ডা. জাকিরুল ইসলাম এবং দক্ষিণখান পূর্ব থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. রহমাতুল্লাহ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular