ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষবিএনপি চায় রয়েসয়ে আন্দোলন

বিএনপি চায় রয়েসয়ে আন্দোলন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনকেন্দ্রিক বিএনপি নেতা ইশরাক হোসেনের সাম্প্রতিক কার্যক্রম পছন্দ করছেন না দলের নীতিনির্ধারণী নেতারা। দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের অধিকাংশ নেতা মনে করেন, ইশরাক হোসেনের এই আন্দোলন থেকে সরে আসা উচিত।

গত সোমবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা হয়েছে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইশরাকের আন্দোলন প্রসঙ্গ ছাড়াও সভায় ‘লন্ডন বৈঠক’ এবং সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে। অনেক নেতাই মনে করেন, নির্বাচন ইস্যুতে লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠকের পর নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। পাশাপাশি সরকারের সঙ্গে বিএনপির টানাপোড়েন সম্পর্কেরও অবসান হয়েছে। এ অবস্থায় ইশরাকের শপথ প্রশ্নে আন্দোলন চলতে থাকলে পরিস্থিতি ঘোলাটে হতে পারে। তা ছাড়া সিটি করপোরেশনের মেয়াদও শেষ হয়ে গেছে। তাই সব দিক বিবেচনায় আন্দোলন থেকে এখন ইশরাকের সরে যাওয়া উচিত।

এ ব্যাপারে বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কোনো কোনো নেতা মেয়র ইস্যুতে ইশরাক হোসেনের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন।

সূত্র বলছে, বৈঠকে বিএনপির নীতিনির্ধারণী নেতারা জানান, দেশে নির্বাচনের সুযোগ তৈরি হয়েছে। এর জন্য তারা সরকারের সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াবেন না।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গতকাল সমকালকে বলেন, ‘এটা (ইশরাকের আন্দোলন) বিএনপির কোনো সিদ্ধান্ত না। ইশরাক ঢাকাবাসীকে নিয়ে আন্দোলন করছে। নির্বাচনের প্রস্তুতি নেওয়া, সাংগঠনিক কর্মকাণ্ড আরও ত্বরান্বিত করা, নির্বাচনের লক্ষ্যে সাংগঠনিক কাজকে এগিয়ে নেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।’

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি ইশরাকের
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি অভিযোগ করেন, মেয়র হিসেবে তাঁর শপথ নিয়ে ‘অসত্য এবং বিভ্রান্তিমূলক’ তথ্য গণমাধ্যমে তুলে ধরেছেন উপদেষ্টা। শিগগিরই দাবি মেনে নেওয়া না হলে বা দাবি অগ্রাহ্য করলে চলমান আন্দোলন আবারও রাজপথে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি। গতকাল নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন ইশরাক।

প্রসঙ্গত, শপথের দাবিতে গত ১৪ মে থেকে নগর ভবন চত্বরে ‘ঢাকাবাসী’ ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করে ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা। পরে ডিএসসিসি কর্মচারী ইউনিয়নও এতে যোগ দেয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular