ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাব্রাজিলের নজরে ঢাকার জাতীয় স্টেডিয়াম

ব্রাজিলের নজরে ঢাকার জাতীয় স্টেডিয়াম

ক্রীড়া ডেস্ক:  বাংলাদেশ ফুটবলের সামনে খুলে যেতে পারে নতুন এক সম্ভাবনার দুয়ার। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় দল ঢাকায় এসে প্রীতি ম্যাচ খেলতে পারে বাংলাদেশের বিপক্ষে। একই সঙ্গে নিরপেক্ষ ভেন্যু হিসেবেও ঢাকার জাতীয় স্টেডিয়াম ব্যবহার করতে পারে তারা।

রবিবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে ব্রাজিল ফুটবল দলের একটি প্রতিনিধি দল।

মাঠ, ড্রেসিংরুমসহ পুরো স্টেডিয়ামের অবকাঠামো ঘুরে দেখেন তারা। প্রতিনিধি দলে ছিলেন ব্রাজিল জাতীয় দলের টিম অ্যানালাইসিস ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শন শেষে ব্রাজিলের ঢাকায় আসার সম্ভাব্য উদ্দেশ্য নিয়ে কথা বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সদস্য ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ ফুটবলের একটা নতুন দিন এসেছে। ব্রাজিল থেকে একটি প্রতিনিধি দল এসে আমাদের স্টেডিয়াম, মাঠসহ সবকিছু দেখেছে। তাদের টার্গেট হলো আগামীতে তারা যেকোনো দেশের বিপক্ষে অথবা আমাদের বাংলাদেশের বিপক্ষেও খেলতে চায়।’

জাতীয় স্টেডিয়ামের সংস্কারকাজ দ্রুত শেষ হওয়ার কথা জানিয়ে ইকবাল বলেন, মাঠের কাজ চলমান রয়েছে এবং প্রায় দুই সপ্তাহের মধ্যে তা সম্পূর্ণ হয়ে যেতে পারে। ব্রাজিলের প্রতিনিধিরা ড্রেসিংরুম ও পুরো স্টেডিয়াম ঘুরে দেখেছেন এবং প্রয়োজন হলে কাজ শেষ হওয়ার পর আবারও পরিদর্শনে আসার কথা জানিয়েছেন। ব্রাজিলের প্রতিনিধি দল স্টেডিয়ামের পরিবেশে সন্তুষ্ট বলেও জানান বাফুফের এই কর্মকর্তা। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি ব্রাজিল।

ইকবাল হোসেন বলেন, ‘তারা তাদের মতামত এখনই পুরোপুরি দিয়ে যায়নি। তারা মতামত দিলে আমরা জানিয়ে দেব, আসলে তাদের পরিকল্পনাটা কী। তবে এটা একটা সৌভাগ্য যে তারা আমাদের এই স্টেডিয়াম দেখে গেছে এবং প্রাথমিকভাবে বলেছে, যেকোনো ম্যাচ তারা নিরপেক্ষ ভেন্যু হিসেবে এখানে করতে চায়।’

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পাশাপাশি অন্য কোনো দেশের বিপক্ষেও ব্রাজিল ঢাকার জাতীয় স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করতে পারে বলে জানান তিনি।

আগামী অক্টোবরে কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। সেই ম্যাচের আগে কার্লো আনচেলত্তির দল ঢাকার জাতীয় স্টেডিয়ামকে অনুশীলন ভেন্যু হিসেবে ব্যবহার করতে পারে কি না- এমন প্রশ্নের জবাবে ইকবাল বলেন, ব্রাজিলের পক্ষ থেকে এখনো বিষয়টি স্পষ্ট করা হয়নি।

তিনি বলেন, ‘তারা বলেছে, বাইরের কোনো দেশের সঙ্গেও আমাদের এখানে এসে নিরপেক্ষ ভেন্যু হিসেবে নিতে পারে এবং বাংলাদেশের বিপক্ষেও তারা খেলতে পারে। তারা তাদের প্রতিক্রিয়াটা পরে জানাবে। তারা আজ শুধু মাঠ ও স্টেডিয়ামের পরিবেশ দেখার জন্য এসেছে।’

ব্রাজিলের প্রতিনিধি দল রবিবার রাতেই ঢাকা ছাড়বে জানিয়ে ইকবাল আরও বলেন, মাঠের সংস্কারকাজ শেষ হলে প্রয়োজন হলে তারা আবারও বাংলাদেশে আসতে পারে। ব্রাজিলের সম্ভাব্য ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে দুই দেশের ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আলোচনার সম্ভাবনাও রয়েছে।

ইকবালের ভাষায়, ‘প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে তারা বসবেন। বসার পর আমি আপনাদের আরও ক্লিয়ার করতে পারব।’ তবে আপাতত ব্রাজিলের ঢাকায় আসা এবং জাতীয় স্টেডিয়াম পরিদর্শনকে বাংলাদেশের ফুটবলের জন্য বড় সম্ভাবনার ইঙ্গিত হিসেবেই দেখছে বাফুফে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular