ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিভারত থেকে এল ৩৫ মেট্রিক টন কাঁচা মরিচ

ভারত থেকে এল ৩৫ মেট্রিক টন কাঁচা মরিচ

নিউজ ডেস্ক: দেশের বাজারে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে দীর্ঘ প্রায় এক বছর পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে প্রথম চালানে ১২টি ট্রাকে করে ৩৫ মেট্রিক টন কাঁচা মরিচ বাংলাদেশে প্রবেশ করে। বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কামাল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্ষা ও আকস্মিক বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হয়। ফলে স্থানীয় বাজারে সরবরাহ কমে গিয়ে দাম আকাশচুম্বী হয়ে ওঠে। বর্তমানে দেশের বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২৮০ থেকে ৩২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেট সবজি বাজারের বিক্রেতা আব্দুর রশিদ জানান, বর্তমানে বাজারে কাঁচা মরিচ পাইকারি ২৪০ টাকা এবং খুচরা ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। ভারত থেকে কাঁচা মরিচ আসা শুরু হলে দ্রুতই বাজারে এর দাম কমে আসবে।

সোনামসজিদ স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ জানান, বাজারে দাম স্বাভাবিক রাখতে সরকার কাঁচা মরিচ আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এ পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দর দিয়ে মোট ৭৭টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার ৯৫০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে সবশেষ ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করা হয়েছিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular