আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ব্রাজিলের ওপরও একই নীতি প্রয়োগ করবেন বলেও জানান তিনি।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প এসব বিষয় নিয়ে কথা বলেন।
তিনি বলেন, যদি কোনো দেশ আমাদের ওপর অতিরিক্ত শুল্ক চাপায় তাহলে যুক্তরাষ্ট্রও সেই দেশের পণ্যের ওপর চড়া হারে কর চাপাবে। ওরা (ভারত) প্রায় সব ক্ষেত্রেই আমাদের ওপর অধিক কর চাপায়। অথচ এতদিন আমরা ওদের ওপর কোনো কর চাপাইনি। ভারত ও ব্রাজিল দুই দেশ মার্কিন পণ্যের ওপর অধিক পরিমাণ কর চাপায়।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘বাণিজ্যে স্বচ্ছতা থাকতে হবে। ভারত যদি মার্কিন পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক চাপায়, তাহলে যুক্তরাষ্ট্রও সেই পরিমাণ শুল্ক চাপাবে। ওরা আমাদের ওপর শুল্ক চাপালে সমস্যা নেই, কিন্তু সেক্ষেত্রে আমরাও পারস্পরিক শুল্ক চাপিয়ে দেব।’
এর আগে প্রায় একই ধরনের মন্তব্য করেছিলেন ট্রাম্প মনোনীত বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক। তিনি বলেন, ‘নতুন সরকারে পারস্পরিক সুবিধাদানের নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা আমাদের সঙ্গে যেমন ব্যবহার করবেন, আমাদের থেকেও তেমন ব্যবহারই পাবেন- এটাই আশা করা উচিত।’



